নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে অন্তর্বর্তী জামিন পেলেন সিপিএম নেতা লাহেক আলি। বারুইপুরে গণধর্ষণকাণ্ডের পর অশান্তি ছড়ানোর অভিযোগে ১২ জুলাই রাতে লাহেককে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারপর থেকেই তিনি জেলে রয়েছেন। মূলত মায়ের অসুস্থতার কারণে আট দিনের জন্য তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ ছিল মামলার শুনানি। একাধিক শর্তে তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত। লাহেকের বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি ৫ জুলাইয়ের অশান্তির সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন এবং জনতাকে আইন হাতে তুলে নিতে প্ররোচনা দিয়েছিলেন। লাহেকের মা গুরুতর অসুস্থ। হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে তাঁর চিকিৎসা চলছে। শুনানিতে সেকথা জানান তাঁর আইনজীবীরা। জামিনের শর্ত, বারুইপুরে নিজের এলাকার বাইরে পা রাখতে পারবেন না লাহেক। বারুইপুর থানা যদি তদন্তের খাতিরে তাঁকে হাজিরা দিতে বলে, তা হলে সব রকম সহযোগিতা করতে হবে তাঁকে।



