ইন্তার মায়ামি-৪ : সান লুইস-২
ইন্তার মায়ামি-৪ : সান লুইস-২
মায়ামি: বিশ্বকাপ ফাইনালে হারের রেশ এখনও কাটেনি। তা সত্ত্বেও ক্লাব ফুটবলে ঝড় তুলছেন লায়োনেল মেসি। বৃহস্পতিবার লিগ কাপে সান লুইসকে ৪-২ ব্যবধানে হারাল ইন্তার মায়ামি। জোড়া গোলে ম্যাচের নায়ক লিও। সেই সঙ্গে লিগ কাপের ইতিহাসে সর্বাধিক গোলদাতার রেকর্ডও গড়লেন আর্জেন্তাইন মহাতারকা (১৪)। উল্লেখ্য, ডেভিড বেকহ্যামের ক্লাবের বাকি দুই গোলদাতা সেগোভিয়া ও মিখাইল। আর সান লুইসের হয়ে স্কোরশিটে নাম তুলেছেন ডেভিড রড্রিগেজ এবং রাফা লরেন্তে।
বিশ্বকাপের পর বেশ কিছুদিন ছুটিতে ছিলেন লিও মেসি। তারপর গত ম্যাচে পরিবর্ত হিসাবে নেমেছিলেন। তবে গোল পাননি। বৃহস্পতিবার অবশ্য লিওকে প্রথম একাদশে রেখেই দল সাজান কোচ গুইলারমো হোয়োস। কিন্তু ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে হোম টিম। তোরেসের ভাসানো ক্রস থেকে রড্রিগেজের হেডে এগিয়ে যায় সান লুইস (১-০)। তবে তারা লিড ধরে রাখতে পারেনি। সাত মিনিট পরেই ইন্তার মায়ামিকে সমতায় ফেরান মেসি। বাঁ প্রান্ত থেকে নোয়াহ অ্যালেনের বাড়ানো বলে দুরন্ত ভলিতে জাল কাঁপান আর্জেন্তাইন মহাতারকা (১-১)। এরপর ম্যাচে ইন্তার মায়ামির দাপটই বেশি ছিল। ২৬ মিনিটে অ্যালেনের পাস ধরে লক্ষ্যভেদ সেগোভিয়ার (২-১)। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগের মিনিটে ফের মেসি ম্যাজিক। অ্যালেনের পাস ধরে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে দুরন্ত শটে জাল কাঁপান লিও (৩-১)। আর প্রথমার্ধের সংযোজিত সময়ে কর্নার থেকে মেসির বাড়ানো ক্রস হেডে জাল কাঁপান মিখাইল (৪-১)। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে মেক্সিকোর ক্লাব সান লুইসের হয়ে লরেন্তে অবশ্য ব্যবধান কমিয়েছিলেন (৪-২)। তবে বাকি সময়ে আর স্কোরলাইনের পার্থক্য ঘটেনি। তাই মেসি ম্যাজিক দেখে হাসি মুখেই মাঠ ছাড়েন ইন্তার মায়ামির সমর্থকরা।