


ব্রাসেলস: মাত্র এক পয়েন্টের জন্য সরাসরি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে ব্যর্থ ইন্তার মিলান। পয়েন্ট তালিকায় দশম স্থানে শেষ করায় প্লে-অফে খেলতে নামছে ইতালির ক্লাবটি। বুধবার অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ নরওয়ের ক্লাব বোডো। ফিরতি লেগে ঘরের মাঠ সান সিরোয় খেলবে ইন্তার। গ্রুপ পর্বে আট ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় এসেছে। শেষ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে বশ মানায় তারা। এবার প্লে-অফের লড়াইয়েও সেই ছন্দ বজায় রাখাই লক্ষ্য ক্রিশ্চিয়ান চিভু ব্রিগেডের।
দিনের অপর ম্যাচে ক্লাব ব্রাগের মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ। চলতি চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা ছন্দে নেই ডিয়েগো সিমোনে ব্রিগেড। গ্রুপ পর্বে আট ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছিল তারা। হেরেছে তিনটিতে। তবে গত ম্যাচে কোপা ডেল রে’র সেমি-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে বার্সেলোনাকে চার গোলে দুরমুশ করেন গ্রিজম্যানরা। সেই জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গে করেই বুধবার ইউরোপ সেরার প্লে-অফের লড়াইয়ে নামছে আতলেতিকো। প্রথম লেগে জিতে শেষ ষোলোর পথে এক পা বাড়িয়ে রাখাই লক্ষ্য তাদের। বুধবার অপর দু’টি প্লে-অফের লড়াইয়ে কুয়ারাবাগের মুখোমুখি হবে নিউকাসল আর বেয়ার লেভারকুসেনের প্রতিপক্ষ ওলিম্পিয়াকোস।
আজ চ্যাম্পিয়ন্স লিগে
কুয়ারাবাগ : নিউকাসল (রাত ১১-১৫ মিনিটে), ক্লাব ব্রাগ : আতলেতিকো
(রাত ১-৩০ মিনিটে), বোডো : ইন্তার মিলান (রাত ১-৩০ মিনিটে)
ওলিম্পিয়াকোস : লেভারকুসেন (রাত ১-৩০ মিনিটে)
সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টসে।