নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বৃহস্পতিবার বিকালে চুঁচুড়ার ব্যস্ততম সড়কে একটি ফাস্টফুডের দোকানে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায়। চুঁচুড়ার ঘড়িমোড়ের কাছে নেতাজি সুভাষ রোডের ওই দোকানের কাছেই একটি শপিং মল আছে। সেখানে তখন রীতিমতো ভিড় ছিল। পাশাপাশি, সেখানে বহু জামাকাপড়ের দোকান ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। দাহ্য পদার্থ থাকায় এদিন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তার জেরে এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। দমকলকে খবর দেওয়া হলেও কর্মীরা আসার আগেই শপিং মলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ব্যবহার করে আগুন নেভানোর কাজে নামেন স্থানীয়রা। সেই উদ্যোগের ফলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে ফাস্টফুডের দোকানের গ্যাস সিলিন্ডারগুলি তেতে থাকায় দ্বিতীয় দফায় উদ্বেগ ছড়ায়।
পুলিশ কর্মীরা ওই এলাকা ফাঁকা করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। ততক্ষণে দমকল কর্মীরাও আগুন নেভানোর কাজে নেমে পড়ায় কিছুটা স্বস্তি মেলে। কেমন করে আগুন লাগল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে দমকল কর্মীদের একাংশের দাবি, গ্যাস সিলিন্ডার লিক করেই অগ্নিকাণ্ড ঘটেছে। তাৎপর্যপূর্ণভাবে, ভয়াবহ অগ্নিকাণ্ডের পরেই দোকানের মালিক রাজকুমার পালিয়ে যান বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের আরও দাবি, ওই ফাস্টফুড সেন্টারে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। জনবহুল এবং বাজার এলাকার দোকানে আগুন নেভানোর পর্যন্ত ব্যবস্থা না থাকায় বিতর্ক ছড়িয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী তথা চুঁচুড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলার সমীর সরকার বলেন, বিকাল ৫টা নাগাদ আগুন লেগেছিল। খুব দ্রুত দোকানের দু’টি তলেই আগুন ছড়িয়ে পড়ে। বাজার এলাকা তখন জনবহুল। পুজো মরশুমের প্রাক্কালে ব্যবসায়ী থেকে নাগরিক সকলেই বড়ো বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। এ নিয়ে স্থানীয় বিজেপি বিধায়ক সুবীর নাগ বলেন, সাফল্যের সঙ্গে সমস্যা মোকাবিলা করা হয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে পদক্ষেপ করা হবে। চুঁচুড়া থানার পুলিশ জানিয়েছে, দোকান মালিকের খোঁজ চলছে। নিজস্ব চিত্র