Bartaman Logo
৯ জুন, ২০২৬

লেভেল ক্রসিং গেটে সিসি ক্যামেরা, ভয়েস অ্যালার্ট সিস্টেম চালুর নির্দেশ

বারবার দুর্ঘটনা। সাম্প্রতিকতম দুর্ঘটনা দু’দিন আগেই। চেন্নাইয়ে লেভেল ক্রসিং পেরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় একটি স্কুল ভ্যান। ট্রেনের সঙ্গে সংঘর্ষের ফলে ওই স্কুল ভ্যানের তিনজন শিশু প্রাণ হারায়।

লেভেল ক্রসিং গেটে সিসি ক্যামেরা, ভয়েস অ্যালার্ট সিস্টেম চালুর নির্দেশ
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বারবার দুর্ঘটনা। সাম্প্রতিকতম দুর্ঘটনা দু’দিন আগেই। চেন্নাইয়ে লেভেল ক্রসিং পেরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় একটি স্কুল ভ্যান। ট্রেনের সঙ্গে সংঘর্ষের ফলে ওই স্কুল ভ্যানের তিনজন শিশু প্রাণ হারায়। আহত হয় অনেকে। সব মিলিয়ে এহেন লেভেল ক্রসিং গেট নিয়ে প্রবল চাপে রেলমন্ত্রক। পরিস্থিতি এতটাই গুরুতর যে, জরুরি ভিত্তিতে কনফারেন্স কলের মাধ্যমে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গত মঙ্গলবারই প্রয়াত হন রেলমন্ত্রীর বাবা। অশ্বিনী বৈষ্ণব আপাতত তাঁর পরিবারের শোক সামাল দিচ্ছেন। রেল বিশেষজ্ঞ মহলের মতে, এহেন আবহেও রেলমন্ত্রীকে যখন জরুরি ভিত্তিতে কনফারেন্স কলের মাধ্যমে রেল বোর্ডের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে হচ্ছে, তখন সার্বিক পরিস্থিতি যে কতটা উদ্বেগজনক তা বোঝা যাচ্ছে।

Advertisement

রেল সূত্রে খবর, প্রত্যেক লেভেল ক্রসিং গেটে সিসি ক্যামেরা ও ভয়েস অ্যালার্ট সিস্টেমের ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি সামান্যতম গোলযোগও ধরা পড়ে, তাহলে দায়িত্বপ্রাপ্ত রেলকর্মীরা কারণ দর্শানোর নোটিস পাবেন। সব মিলিয়ে প্রায় এক ডজন নির্দেশিকা দিয়েছে রেলমন্ত্রক। অবিলম্বে যাবতীয় নির্দেশিকা সমস্ত রেলওয়ে জোন এবং ডিভিশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেইমতো পদক্ষেপও নেওয়া হচ্ছে। মন্ত্রকের শীর্ষ সূত্রে জানানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী সাফ জানিয়েছেন যে কোনও অবস্থাতেই সিসি ক্যামেরার বিদ্যুৎ সংযোগ যেন ব্যাহত না হয়। প্রয়োজনে সোলার প্যানেল, ইউপিএসের মতো পাওয়ার ব্যাকআপের বন্দোবস্ত করতে হবে। বিভিন্ন ইন্টারলকিংয়ের কাজের জন্য প্রয়োজনে রেলের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে দায়িত্ব দেওয়ার নির্দেশও দিয়েছেন রেলমন্ত্রী।
এখানেই শেষ নয়, প্রতিদিন প্রত্যেক ডিভিশনে অন্তত দু’বার আচমকা ভয়েস রেকর্ডিং সিস্টেমের উপর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক লেভেল ক্রসিং গেটের সামনে স্পিড ব্রেকার, সতর্কতামূলক সাইনেজ দিতে বলা হয়েছে। পাশাপাশি, যে সমস্ত লেভেল ক্রসিং গেট তুলনামূলকভাবে দুর্ঘটনাপ্রবণ ও যেখানে মাঝেমধ্যেই জনরোষের কারণে দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ থাকে, সেগুলির আলাদা তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত গেটে পর্যাপ্ত সংখ্যায় আরপিএফ এবং হোম গার্ড মোতায়েন সুনিশ্চিত করার কথাও বলা হয়েছে। -ফাইল চিত্র

সম্পর্কিত সংবাদ