Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মহিলাদের অভিযোগ পাওয়ামাত্র ব্যবস্থা চাই, নির্দেশ সমস্ত থানাকে

কলকাতা পুলিশের নির্দেশ, মহিলা অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষ পদক্ষেপ। বিস্তারিত পড়ুন।

মহিলাদের অভিযোগ পাওয়ামাত্র ব্যবস্থা চাই, নির্দেশ সমস্ত থানাকে
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: থানায় কোনো মহিলা অভিযোগ নিয়ে এলে দায় এড়ানো যাবে না। মহিলাদের জন্য হেল্প ডেস্কে কর্মরত পুলিশকর্মীকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এমনকি অভিযোগটি একাধিক বিভাগ সংক্রান্ত হলে জানাতে হবে তাদেরকেও। এটা বাধ্যতামূলক। রাজ্য পুলিশের সমস্ত থানাকে স্পষ্ট নির্দেশ দিল পুলিশ ডিরেক্টরেট। ওইসঙ্গে সাইবার অপরাধ মোকাবিলা এবং দ্রুত কিনারা করার জন্য প্রতিটি থানায় সাইবার ডেস্ক রাখার উপর জোর দেওয়া হয়েছে।

Advertisement

পূর্বতন জমানায় রাজ্যে নারী নির্যাতনের একাধিক ঘটনা নিয়ে তীব্র বিতর্ক দানা বাঁধে। মহিলা ও শিশুদের উপর সংঘটিত অপরাধের ঘটনাগুলি আলাদাভাবে শুনতে প্রতিটি থানায় মহিলা ডেস্ক ও চাইল্ড কর্নার তৈরি করতে বলেছিল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু শোনেনি তৃণমূল সরকার। এবার নতুন সরকার এই ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। মহিলাদের উপর অপরাধ রুখতে বিশেষ স্ট্র্যাটেজি তৈরি করছে রাজ্য পুলিশ। প্রতিটি থানার প্রতি কর্তৃপক্ষের নির্দেশ, মহিলা হেল্প ডেস্ক রাখতেই হবে। সব জায়গায় রাখতে হবে একজন মহিলা কনস্টেবল। কোনো তরুণী বা যুবতী শ্লীলতাহানি এবং ধর্ষণের মতো অভিযোগ নিয়ে এলে মেডিক্যাল পরীক্ষা করাতে হবে। বাজেয়াপ্ত করতে হবে তাঁর পরনের পোশাক। ভিকটিমের গোপন জবানবন্দিও নিতে হবে। অকুস্থল ঘিরে দেবেন তদন্তকারীরা। সেই স্থান চিহ্নিত করে দেবেন নির্যাতিতাই। 
এমনকি, কোনো মহিলা তাঁর নেশাগ্রস্ত, অত্যাচারী স্বামীর নামে অভিযোগ জানালেও সক্রিয় ব্যবস্থা নিতে হবে থানাকে। সেক্ষেত্রে নেশামুক্তি কেন্দ্রের সঙ্গে যোগাযোগসহ ওই মহিলাকে সাহায্য করতে হবে। নির্যাতিতা মহিলার বক্তব্য গুরুত্ব দিয়ে শুনবেন পুলিশ কর্মীরা। সেক্ষেত্রে কোথায় এবং কার সঙ্গে  যোগাযোগ করবেন কাউন্সেলিংয়ের জন্য, তার উপায় বাতলে দেবেন তাঁরা। সাইবার অপরাধ বাড়তে পারে এমন কোনো অভিযোগ পাওয়ামাত্রই ব্যবস্থা নিতে হবে। প্রতারিত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের নথিসহ সমস্ত তথ্য নিয়ে ফলপ্রসূ পদক্ষেপ করবেন কর্তব্যরত পুলিশকর্মীরা। একইসঙ্গে সমস্ত ঘটনা আপলোড করতে হবে এনসিআরপি পোর্টালে, ভিন রাজ্যের অভিযুক্ত ব্যক্তিকেও দ্রুত গ্রেপ্তার করার লক্ষ্যেই এই ব্যবস্থা।

Advertisement
সম্পর্কিত সংবাদ