Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হুগলিতে পরীক্ষা খতিয়ে দেখলেন সংসদ সভাপতি, হাওড়ায় পড়ুয়াদের পাশে পুলিস

রাজ্যের প্রতিটি জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঠিকঠাক হচ্ছে কি না, তা সরেজমিন খতিয়ে দেখছেন শিক্ষা সংসদের কর্তারা।

হুগলিতে পরীক্ষা খতিয়ে দেখলেন সংসদ সভাপতি, হাওড়ায় পড়ুয়াদের পাশে পুলিস
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও হাওড়া: রাজ্যের প্রতিটি জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঠিকঠাক হচ্ছে কি না, তা সরেজমিন খতিয়ে দেখছেন শিক্ষা সংসদের কর্তারা। বৃহস্পতিবার হুগলির পাঁচটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। অন্যদিকে, এদিন অ্যাডমিট কার্ড বাড়িতে ভুলে আসা এক পরীক্ষার্থীকে সাহায্যের হাত বাড়িয়ে দেন সাঁকরাইল থানার এক পুলিসকর্মী।

Advertisement

বৃহস্পতিবার উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল, কোন্নগর গার্লস হাই স্কুল, শ্রীরামপুর গার্লস হাই স্কুল, ভদ্রেশ্বরের ধৰ্মতলা গার্লস হাই স্কুল এবং চন্দননগরের কৃষ্ণ ভাবিনী গার্লস হাই স্কুলে পরীক্ষা পর্ব পরিদর্শনে এসেছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। যেভাবে পর্যাপ্ত নিরাপত্তা বজায় রেখে সুষ্ঠুভাবে পরীক্ষা পর্ব চলছে, তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। আগামী মে মাসেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে পারে বলে জানান। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বলেন,‘পরীক্ষা কেন্দ্রে যাতে পরীক্ষার্থীরা কোনও ধরনের গ্যাজেট নিয়ে ঢুকতে না পারে সেজন্য প্রথমবার মেটাল ডিটেক্টর ব্যবহার করা হচ্ছে। বিগত বছরগুলির তুলনায় টোকাটুকির হার অনেকটাই কমেছে।’ এদিন হুগলির স্কুলগুলি পরিদর্শনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি সঙ্গে ছিলেন সম্পাদক প্রিয়দর্শিনী মল্লিক, হুগলি জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক শুভেন্দু গড়াই। কন্যাশ্রী, সবুজসাথীর মতো সরকারি প্রকল্পের কারণে রাজ্যে পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের হার বাড়ছে বলে মনে করছেন শিক্ষা সংসদের কর্তারা।
অন্যদিকে, এদিন হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা রাকিব শেখ পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর পর দেখতে পায়, সে অ্যাডমিট ও রেজিস্ট্রেশন কার্ড বাড়িতে ফেলে এসেছে। সাঁকরাইলের রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় সিট পড়েছিল তার। পরীক্ষা কেন্দ্রে কর্মরত সাঁকরাইল থানার পুলিসকর্মী নবকুমার মালিক পরীক্ষার্থীকে বাইকে চাপিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যান। নির্ধারিত সময়ের আগেই অ্যাডমিট কার্ড সহ পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দেন ওই পুলিসকর্মী। হাওড়া সিটি পুলিসের এক আধিকারিক বলেন, ওই পুলিসকর্মী নিজের দায়িত্ব পালন করেছেন। পরীক্ষার্থীদের যেকোনও সমস্যায় আমরা সবসময় তৎপর রয়েছি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ