মায়াপুরে খাবারের দোকানে অভিযান, কয়েকটি দোকান বন্ধের নির্দেশ
  • ৩১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: খাবারের গুণগত মান ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র মায়াপুরে অভিযান চালাল নদীয়া জেলা খাদ্য সুরক্ষা দপ্তর। তাদের সঙ্গে ছিল নবদ্বীপ ব্লক প্রশাসন। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত মায়াপুরের ইসকন মন্দির সংলগ্ন এলাকার একাধিক হোটেল, বিরিয়ানি ও মুদিখানার দোকানে অভিযান চালানো হয়। বেশ কয়েকটি দোকানে প্রয়োজনীয় লাইসেন্স ও স্বাস্থ্যবিধির ঘাটতি দেখতে পান আধিকারিকরা। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার ও নিয়ম মেনে চলার আগে পর্যন্ত সংশ্লিষ্ট দোকানগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

Advertisement

এদিনের অভিযানে নেতৃত্ব দেন জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক তৃষা হাজরা ও বিদিশা নাগ। উপস্থিত ছিলেন নবদ্বীপের বিডিও সুপ্রিয় ভট্টাচার্য, সহকারী বিডিও জয়ন্ত পাঠক এবং মায়াপুর ফাঁড়ির ইনচার্জ বিভাস সরকার। অভিযান চলাকালীন কয়েকটি দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখার বিষয়টি নজরে আসে। মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরির সাহায্যে কয়েকটি খাদ্যসামগ্রীর তাৎক্ষণিক পরীক্ষা করা হয়। অনিয়ম ধরা পড়া দোকানগুলিকে নোটিস দিয়ে সাতদিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধন ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে।
জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক তৃষা হাজরা বলেন, আগামী ৪ নভেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চলবে। এদিন মায়াপুর মন্দির চত্বরের ১২-১৩টি খাবারের দোকান পরিদর্শন করা হয়েছে। বেশিরভাগ দোকানেই স্বাস্থ্যবিধির ঘাটতি রয়েছে। কয়েকটি দোকানের ট্রেড লাইসেন্স ও হোটেল চালানোর প্রয়োজনীয় অনুমতিপত্রও নেই। কিছু দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী পাওয়া গিয়েছে। ওই দোকানগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করে স্বাস্থ্যবিধি মেনে দোকান চালানোর কথা বলা হয়েছে।
নবদ্বীপের বিডিও সুপ্রিয় ভট্টাচার্য বলেন, জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এদিন মায়াপুর-বামুনপুকুর-২ নম্বর পঞ্চায়েত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়েছে। যেসব দোকানে ট্রেড লাইসেন্স ও ফুড সেফটি লাইসেন্স পাওয়া যায়নি, সেগুলিকে বন্ধ রাখার নোটিস দেওয়া হয়েছে। পাশাপাশি খাবারের গুণগত মান ও স্বাস্থ্যবিধি পরীক্ষা করা হয়েছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে। মায়াপুরে সারা বছরই দেশ-বিদেশের বহু দর্শনার্থী আসেন। তাঁদের সুস্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই উদ্যোগ। ব্যবসায়ীদের হয়রান নয়, তাঁদের সচেতন করে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনে উৎসাহ দেওয়াই আমাদের উদ্দেশ্য।