নিজস্ব প্রতিনিধি, কলকাতা: থ্রেট কালচার সহ একাধিক বিষয়ে অভিযুক্ত বিতর্কিত চিকিৎসক ডাঃ অভীক দে’র কাজকর্মের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করল রাজ্য। কমিটিকে ১০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বল হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজে রেডিয়ো ডায়াগনসিস বিভাগে কর্মরত অবস্থায় অভীক কীভাবে সার্ভিস কোটায় পিজিতে কাজে যোগ দিলেন, তা খতিয়ে দেখতেই এই কমিটি। এমনই জানা গিয়েছে স্বাস্থ্যদপ্তর সূত্রে। কমিটির চেয়ারম্যান হয়েছেন সাগর দত্ত মেডিকেল কলেজর অধ্যক্ষ ডাঃ পার্থপ্রতিম প্রধান। অভিযোগ, অভীক বর্ধমানের অনাময় সুপারস্পেশলিটি হাসপাতালে কাজের সময়টিকে সরকারের কাছে পেশ করে সার্ভিস কোটার সুবিধা ‘অন্যায়ভাবে’ নিয়েছিলেন। যদিও অনাময়ের পদস্থ কর্তারা জানিয়েছিলেন, অভীককে তাঁরা কোনোদিন ক্লাস করতে দেখেননি।


