Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সঙ্গে শিশু ও মায়ের যোগ নিবিড় করার উদ্যোগ

শিশু ও মায়েদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল করিমপুরের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সঙ্গে শিশু ও মায়ের যোগ নিবিড় করার উদ্যোগ
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, করিমপুর: শিশু ও মায়েদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল করিমপুরের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কোথাও শিশুর অন্নপ্রাশন, কোথাও মায়েদের চা-বিস্কুট ও কেক দিয়ে আপ্যায়ন, আবার কোথাও শিশু ও মায়েদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘রাষ্ট্রীয় পোষণ মাস’ উপলক্ষ্যে এই উদ্যোগে খুশি শিশু ও অভিভাবকরা। চলতি সেপ্টেম্বর মাসের ৯ তারিখ থেকে ৯ অক্টোবর পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি চলছে। সেই কর্মসূচিরই অংশ হিসেবে চলতি মাসের ২৫, ২৬ ও ২৭ তারিখ ‘অঙ্গন মিলন মেলা’র আয়োজন করা হয়েছে করিমপুর-১ ও ২ ব্লকের বিভিন্ন কেন্দ্রে। অন্নপ্রাশন থেকে শুরু করে মায়েদের আপ্যায়ন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রগুলিকে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার করিমপুর-১ ব্লকের করিমপুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকার কীর্তনীয়াতলার ২০৩ নম্বর এবং গোপালের পাড়ার ২০৪ ও ২০৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ একাধিক কেন্দ্রে অন্নপ্রাশনের আয়োজন করা হয়। বাজিতপুর কীর্তনীয়াতলা ২০৩ নম্বর কেন্দ্রের কর্মী জয়শ্রী ঘোষ সাহা একটি শিশুর অন্নপ্রাশন উপলক্ষ্যে ভাত, ডাল, পাঁচ রকম ভাজা, তরকারি, চাটনি, পায়েস ও মিষ্টির আয়োজন করেন। রীতিনীতি মেনে কেন্দ্রেই অন্নপ্রাশনের আয়োজন করা হয়। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রে শিশুদের মায়েদেরও আপ্যায়ন করা হয়। কোথাও চা-বিস্কুট, কোথাও কেক-চকোলেট সহ বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। শিশু ও মায়েদের নিয়ে কয়েকটি কেন্দ্রে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। করিমপুর-১ ও ২ ব্লকের সিডিপিও তাপস বিশ্বাস জানান, ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর তিন দিন এলাকার সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন মেলা’র মাধ্যমে অন্নপ্রাশন, মায়েদের আপ্যায়ন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁর দাবি, এই উদ্যোগে শিশু ও মায়েদের মধ্যে কেন্দ্রের প্রতি আগ্রহ আরও বেড়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ