নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ভেঙেচুরে যাওয়া বাঁকুড়া-২ ব্লকের মানকানালি কজওয়ে মেরামতে উদ্যোগী হল জেলা প্রশাসন। শনিবার থেকে গন্ধেশ্বরী নদীর উপরে থাকা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ওই কজওয়ে মেরামতের কাজ শুরু হয়েছে। বর্ষায় নদীর প্রবল জলস্রোতে কজওয়ে ভেঙে গিয়েছিল। তারফলে প্রায় ৩০টি গ্রামের বাসিন্দারা বিপাকে পড়েন। বর্তমানে তাঁদের ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা এদিন কজওয়ে মেরামত নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ডাবল ইঞ্জিন সরকার প্রতিশ্রুতি রেখেছে বলে বিধায়ক দাবি করেন। যদিও ওই এলাকায় স্থায়ী সেতুর দাবিতে বাসিন্দারা অনড় রয়েছেন।
মানকানালি গ্রামের বাসিন্দা জগন্নাথ মণ্ডল বলেন, কজওয়ে মেরামত হলে সাময়িক সমস্যার সমাধান হবে। তবে ওই জায়গায় সেতু না তৈরি হওয়া পর্যন্ত স্থায়ী সমাধান হবে না। দ্রুত এব্যাপারে প্রশাসনকে উদ্যোগী হতে হবে।
বিধায়ক বলেন, মানকানালিতে সেতুর জন্য ২৬ ও ৪৬ কোটি টাকার এস্টিমেট তৈরি হয়েছে। ২৬ কোটি টাকা বরাদ্দ করতে সরকার রাজি আছে। কিন্তু, আমরা পাকাপোক্তভাবে সেতুটি তৈরি করতে চাইছি। ফলে ৪৬ কোটি টাকা মঞ্জুর করার জন্য মুখ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট সব দপ্তরের মন্ত্রীর কাছে আমি অনুরোধ করব। তারজন্য কিছুটা সময় লাগছে।
বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত বলেন, আপাতত কজওয়ে মেরামত করে যানবাহন চলাচলের উপযুক্ত করা হচ্ছে। পরে সেখানে স্থায়ী সেতু গড়ে তোলা হবে।
উল্লেখ্য, বাঁকুড়া শহর থেকে লাগোয়া গ্রামীণ এলাকায় যাওয়ার জন্য গন্ধেশ্বরী নদী পার হতে হয়। মানকানালি হয়ে ছাতনা ও গঙ্গাজলঘাটি ব্লকের দিকে যাওয়া যায়। তারজন্য মানকানালি কজওয়ে পার হতে হয়। এর আগে বাঁকুড়া জেলা পরিষদের টাকায় ওই কজওয়ে তৈরি হয়েছিল। কিন্তু কাজের গুণগত মান খারাপ থাকায় নির্মাণের কিছুদিনের মধ্যে তা ভেঙেচুরে যায়। তারপর তাপ্পি মেরে যানবাহন চলাচল করছিল। এবারে নিম্নচাপের জেরে ভারী বর্ষণে গন্ধেশ্বরী নদী ফুলেফেঁপে ওঠে। হড়পা বানের মতো পরিস্থিতি হয়। তারফলে ওই কজওয়ের ব্যাপক ক্ষতি হয়। তারফলে মানকানালি সহ বাঁকুড়া-২ ব্লকের ২৫-৩০টি গ্রামের বাসিন্দাকে ঘুরপথে শহরে যাতায়াত করতে হচ্ছে। সম্প্রতি বিধায়ক ও জেলাশাসক ওই কজওয়ে পরিদর্শন করেছিলেন। তখনই তা যানচলাচলের উপযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো এদিন থেকে কাজ শুরু হয়েছে। সারাবছর নদীতে জল থাকে না। ফলে যথাযথ মেরামত হলে আগামী বর্ষা পর্যন্ত চলাচলে কোনো সমস্যা হবে না। -নিজস্ব চিত্র