সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই বাঁধ থেকে বিভিন্ন গাড়ির মাধ্যমে ছাই নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছাই সরাসরি সড়কে পড়ছে। বর্তমানে রঘুনাথপুর-বরাকর রাজ্য সড়ক থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই বাঁধ পর্যন্ত রাস্তার একধারে বিভিন্ন জায়গায় ছাই পড়ে জড়ো হয়েছে। ছাই সরাসরি বাতাসে উড়ছেও। ফলে দূষণ হচ্ছে। আগামী ১৭ আগস্ট রঘুনাথপুরে একটি কারখানার উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসছেন। তিনি ওই সড়ক ধরে কারখানার উদ্বোধনে যাবেন। এই ছাই পরিবহণে বরাতপ্রাপ্ত সংস্থা বুঝতে পেরেছে, মুখ্যমন্ত্রী সড়কের উপর পড়ে থাকা ছাই দেখতে পেলে বিপদ হবে। তাই সড়কের ছাই সরাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।



