Bartaman Logo
৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়া স্টেশন রোডের যানজট সমস্যা কাটাতে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ

উলুবেড়িয়া স্টেশন রোডের যানজট সমস্যা সমাধানে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। বিস্তারিত পড়ুন।

উলুবেড়িয়া স্টেশন রোডের যানজট সমস্যা কাটাতে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া স্টেশন রোডে যানজট দীর্ঘদিনের সমস্যা। সকাল থেকে রাত অবধি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে নাভিশ্বাস ওঠে সকলের। এমনকী স্টেশন রোডের পাশে থাকা উলুবেড়িয়া মেডিকেল কলেজে আসা রোগী ও তাঁদের আত্মীয়রাও সমস্যার মুখে পড়েন। অভিযোগ, ফুটপাত দখল করে ব্যবসা এই যানজটের অন্যতম একটা বড়ো কারণ। 

Advertisement

আর এবার স্টেশন রোডের যানজট সমস্যার সমাধানে উদ্যোগ নিল উলুবেড়িয়া স্টেশন রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং স্থানীয় একটি ক্লাব। ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না– এটা ব্যবসায়ীদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ফুটপাত ফাঁকা করার কাজও শুরু হয়েছে। অন্যদিকে, এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে আম জনতা। উলুবেড়িয়া শহরে রাস্তার পাশে থাকা ছোট ব্যবসায়ীরা দোকানের মালপত্র ফুটপাতের উপর সাজিয়ে ব্যবসা করেন। ছোট ব্যবসায়ীদের এই কাজের জন্যই এই রাস্তা সকাল থেকে রাত পর্যন্ত যানজটে স্তব্ধ হয়ে থাকে।
সমস্যার সমাধানে উলুবেড়িয়া পুরসভা এবং প্রশাসন বেশ কয়েকবার ব্যবসায়ীদের ফুটপাত ফাঁকা করার নির্দেশও দিয়েছিল। কিন্তু বাস্তবে সেটা কার্যকরী হয়নি। ফলে স্টেশন রোডের যানজট সমস্যার সমাধানও হয়নি। অভিযোগ, স্টেশন রোডের দুইধারের ফুটপাত দখল করে ব্যবসা চলে। ফলে মানুষকে রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। তার উপরে এই রাস্তা দিয়ে অটো, টোটো সহ বিভিন্ন যানবাহন চলাচল করায় পরিস্থিতি আরও জটিল হয়। সাধারণ মানুষের অভিযোগ, এই যানজটের কারণে ট্রেন সহ অন্যান্য যানবাহন ধরতেও সমস্যা হয়।
অন্যদিকে, স্টেশন রোডের পাশেই আছে উলুবেড়িয়া মেডিকেল কলেজ। হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজনদের বক্তব্য, যানজটের কারণে মুমূর্ষু রোগীদের আনা-নেওয়ার ক্ষেত্রেও সমস্যা হয়। ফুটপাত ফাঁকা হলে এই সমস্যা অনেকটাই মিটবে বলে মত সকলের। ফুটপাত ফাঁকা করা প্রসঙ্গে উলুবেড়িয়া স্টেশন রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রেজ্জাক আলি মোল্লা জানান, সাধারণ মানুষের স্বার্থে ফুটপাত দখলমুক্ত করতে হবে। আমরা রাস্তার পাশে থাকা দোকানারদের মালপত্র বাইরে রাখতে নিষেধ করেছি। সেইসঙ্গে ফুটপাতও ফাঁকা করতে বলেছি।

সম্পর্কিত সংবাদ