নিজস্ব প্রতিনিধি, বারাসত: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে রাজ্য সরকার। উত্তর ২৪ পরগনা জেলায় পূর্তদপ্তর সাতটি রাস্তা সম্প্রসারণ ও একটি নতুন ব্রিজ তৈরির উদ্যোগ নিয়েছে। পূর্তদপ্তরের মোট ব্যয় হবে ৩৭০ কোটি টাকা। ইতিমধ্যেই কাজের তালিকা তৈরি করে ফেলেছে জেলা প্রশাসন। কয়েকদিনের মধ্যেই টেন্ডার করে কাজ শুরু হয়ে যাবে। তাতে একদিকে যেমন সাধারণ মানুষের যোগাযোগ আরও সুগম হবে, তেমনি অর্থনৈতিকভাবেও উন্নত হবে জেলা।
ভৌগোলিক অবস্থানগতভাবে যথেষ্টই গুরুত্বপূর্ণ উত্তর ২৪ পরগনা জেলা। বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য পেট্রাপোল ও ঘোজাডাঙা সীমান্তে যথেষ্ট পণ্যবাহী গাড়ির চাপ থাকে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহন। তাই, রাস্তা সম্প্রসারণ জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেই মতো, সার্ভে শুরু করে জেলা প্রশাসন ও পূর্তদপ্তর। জরুরি ভিত্তিতে মোট সাতটি রাস্তা সম্প্রসারণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, টাকি রোডের গোলাবাড়ি পেট্রল পাম্প থেকে বেড়াচাঁপা পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার রাস্তা ডিভাইডার সহ সম্প্রসারণ হবে। খরচ হবে ৭০ কোটি টাকা। বেড়াচাঁপা থেকে বসিরহাটের ত্রিমোহিনী পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ হবে ২২ কোটি টাকায়। এই রাস্তা ছিল পাঁচ মিটার চওড়া। তা বেড়ে হবে সাত মিটার। অন্যদিকে, বনগাঁ থেকে দত্তফুলিয়া ভায়া হেলেঞ্চা ৩৬ কিলোমিটার রাস্তা ছিল সাড়ে পাঁচ মিটার চওড়া। সেটি সাত মিটার চওড়া হবে। ব্যয় হবে ৭০ কোটি টাকা। অন্যদিকে, লাঙলপোতা থেকে কাচকল মোড় পর্যন্ত সাড়ে ১২ কিলোমিটার রাস্তা ফোর লেন হবে। বরাদ্দ হয়েছে ১০০ কোটি টাকা।
বিধাননগরের ইকোপার্ক থেকে কালুর মোড় পর্যন্ত জেলা পরিষদের রাস্তাটি হস্তান্তর করা হয়েছে পিডব্লুডিকে। এই রাস্তা সম্প্রসারণ হবে ২২ কোটি ব্যয়ে। এদিকে, অশোকনগরের গুমা থেকে রাজীবপুর হয়ে বালিশা পর্যন্ত প্রায় ছ’কিলোমিটার রাস্তা ছিল সাড়ে তিন মিটার চওড়া। এই পিচের রাস্তা বেড়ে হবে পাঁচ মিটার। বরাদ্দ ১৫ কোটি টাকা। শুধু রাস্তায় নয়, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বসিরহাটের ঘোজাডাঙা বর্ডার গুরুত্বপূর্ণ। পণ্যবাহী ট্রাক বসিরহাট শহরের উপর দিয়েই যাতায়াত করায় যানজট বাড়ে। এর জন্য বাদুড়িয়াতে লক্ষ্মীকান্তপুর ব্রিজ তৈরি হবে ৫৩ কোটি টাকায়। এ বিষয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, মানুষের সার্বিক উন্নয়নের উপর বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও জেলায় কয়েকশো কিলোমিটার রাস্তা নতুন করে সংস্কার হয়েছে পথশ্রীর মাধ্যমে। এবার পূর্তদপ্তরের পক্ষ থেকে ৩১৭ কোটি টাকার রাস্তা তৈরি করা হবে। আর ৫৩ কোটি টাকা ব্যয় করে বাদুড়িয়াতে ব্রিজ হবে। পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। মাসখানেকের মধ্যেই সমস্ত প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করা হবে। টাকি রোড - নিজস্ব চিত্র