ইন্দোর: ৩০ বলে ৬৯ রান! ইন্দোরেও বিস্ফোরক অভিষেক শর্মা। রবিবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মাত্র ১৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। একই সঙ্গে, টি-২০’তে জোড়া রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার। কুড়ি-কুড়ি ফরম্যাটে দ্রুততম ব্যাটার হিসাবে ২০০০ রান পূর্ণ করলেন অভিষেক। এতদিন এই নজির ছিল সূর্যকুমার যাদবের দখলে। এদিন তা ভেঙে দিলেন বাঁ-হাতি ওপেনার। ১০২৪ বল খেলে দু’হাজার রান সংগ্রহ করেছেন অভিষেক। সূর্যকুমারের লেগেছিল ১০৬৪ বল। এদিন অভিষেকের কৃতিত্বের সাক্ষী রইল ইন্দোরের ২২ গজ। ঝোড়ো ইনিংসে ছ’টি চার ছাড়াও ৫টি বিশাল ছক্কা হাঁকান তিনি। এখানেই শেষ নয়। এক ক্যালেন্ডার ইয়ারে টি-২০’তে সর্বাধিক ছয় হাঁকানোর রেকর্ডও তাঁর দখলে। এদিনের পর চলতি ক্যালেন্ডার বছরে তাঁর ছয়ের সংখ্যা দাঁড়াল ৬৮। এক্ষেত্রেও সূর্যকুমারের সঙ্গে আপাতত একই বিন্দুতে তিনি। তবে এই সিরিজের এখনো ম্যাচ বাকি। অভিষেক যে এককভাবে রেকর্ডের মালিক হবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই ফরম্যাটে আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র ৩০ বলে সেঞ্চুরি হাঁকানোর নজিরও রয়েছে ভারতীয় ব্যাটারের।
এদিকে, এদিন ম্যাচের আগে উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। গত জানুয়ারিতেও এখানে পুজো দিয়েছিলেন তিনি। দলের মঙ্গলকামনায় কোচ বা ক্রিকেটারদের পুজো দেওয়ার রীতি অবশ্য নতুন নয়। তবে এবার পরিস্থিতি কিছুটি আলাদা। গত ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে বিধ্বস্ত হয়েছিল টিম ইন্ডিয়া। তাই প্রবল চাপে রয়েছেন কোচ গম্ভীর।



