নয়াদিল্লি: ইরান-ইজরায়েলের সংঘাতে ভারতের অবস্থান নিয়ে এবার কেন্দ্রকে তোপ সোনিয়া গান্ধীর। একটি সংবাদপত্রে লেখা নিবন্ধে কংগ্রেস সাংসদ লিখেছেন, পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতিতে ভারতের নীরবতা ‘মূল্যবোধের আত্মসমর্পণ।’ ১৩ জুন ইরানে ইজরায়েলের হামলাকে অবৈধ ও সেদেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলেও মন্তব্য করেছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন।
কংগ্রেস নেত্রী লিখেছেন, তাঁর দল ইরানে এই ধরনের বোমা হামলা ও টাগের্ট কিলিংয়ের তীব্র নিন্দা করে। এই হামলা গোটা বিশ্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গাজাতেও একই ভাবে নৃশংস ও অমানবিক হামলা চালাচ্ছে ইজরায়েল। ইরানের ওপর হামলা ওই এলাকার অস্থিরতা আরও বাড়াবে।’ সোনিয়া লিখেছেন, প্যালেস্তাইন ও ইজরায়েল সমস্যার দ্বি-রাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানই ভারতের দীর্ঘদিনের অবস্থান। কিন্তু মোদি সরকার ওই অবস্থান ত্যাগ করেছে বলেও অভিযোগ করেছেন সোনিয়া। পাশাপাশি কংগ্রেস নেত্রীর মন্তব্য, ‘এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি। ভারতকে স্পষ্টভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি শান্ত করতে পদক্ষেপ নিতে হবে।’
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুরও তুমুল সমালোচনা করেছেন তিনি। সোনিয়া লিখেছেন, ‘১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন প্যালেস্তাইন ও ইজরায়েলের সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন। কিন্তু নেতানিয়াহু কেবল সংঘাতের আগুনে ঘৃতাহুতি দিয়েছেন।’ ইরানে ইজরায়েলের হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ। তুলে এনেছেন পরমাণু অস্ত্র তৈরির অভিযোগে ইরাকের ওপর আমেরিকার হামলার প্রসঙ্গ। ভারত-ইরান সম্পর্ক নিয়ে সোনিয়া লেখেন, ‘ইরান ভারতের দীর্ঘদিনের বন্ধু। ১৯৯৪ সালের কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছিল ইরান।’