Bartaman Logo
৯ জুন, ২০২৬

হিন্দুত্ববাদীদের রোষানল সত্ত্বেও মাংস রপ্তানিতে রেকর্ড ভারতের

প্রকাশ্যে মাংস বিক্রি, পরিবহণ এবং মাংস খাওয়া নিয়ে হিন্দুত্ববাদীদের রোষানলে পড়েছেন এক শ্রেণির মানুষ। এমনকি গণপিটুনিতে মৃত্যু পর্যন্ত হয়েছে অনেকের।

হিন্দুত্ববাদীদের রোষানল সত্ত্বেও মাংস রপ্তানিতে রেকর্ড ভারতের
  • ২৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রকাশ্যে মাংস বিক্রি, পরিবহণ এবং মাংস খাওয়া নিয়ে হিন্দুত্ববাদীদের রোষানলে পড়েছেন এক শ্রেণির মানুষ। এমনকি গণপিটুনিতে মৃত্যু পর্যন্ত হয়েছে অনেকের। তা সত্ত্বেও মাংস রপ্তানিতে পিছিয়ে নেই ভারত। বরং বিজেপি সরকারের আমলে তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সংসদে খোদ কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য বলছে, গত পাঁচ বছরে ভারতের মাংস রপ্তানি ৩২২ কোটি থেকে বেড়ে হয়েছে ৪১৬ কোটি ডলার। সিপিএম সাংসদ জন ব্রিটাসের এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জীতিন প্রসাদ। পাঁচ বছরের হিসাব বলছে, ২০২০-২১ অর্থবর্ষে ১০.৯৮ লক্ষ মেট্রিক টন মাংস রপ্তানি করলেও ২০২৪-২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১২.৭৪ লক্ষ মেট্রিক টন। ভারতের মাংস রপ্তানির সিংহভাগই মহিষের। এছাড়াও ভেড়া, ছাগল এবং পোল্ট্রি মাংসের রপ্তানিও সামান্য পরিমাণে বেড়েছে। তবে গোমাংস রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি রেখেছে মোদি সরকার।

Advertisement

ধর্মীয় মেরুকরণের নামে দেশে গোরক্ষক ও হিন্দুত্ববাদী সংগঠনের হামলার মুখে পড়তে হয়েছে সংখ্যালঘু, দলিত এবং মাংস ব্যবসায়ীদের। অন্যদিকে, মাংস রপ্তানি করে কোষাগার বৃদ্ধি করছে কেন্দ্রের বিজেপি সরকার। সরকারের এই দ্বিমুখী অবস্থান নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধীরা। সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে, ভারতের শীর্ষস্থানীয় একটি মহিষের মাংস রপ্তানিকারক সংস্থা নির্বাচনি বন্ডের মাধ্যমে বিজেপিকে প্রায় ৩০ কোটি টাকা অনুদানও দিয়েছে।

সম্পর্কিত সংবাদ