ম্যাঞ্চেস্টার: ১৫ বছর ৯৯ দিন! আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেক হল বৈভব সূর্যবংশীর। শচীন তেন্ডুলকরকে (১৬ বছর ২০৫ দিন) টপকে নজির গড়ল বিহারের সমস্তিপুর জেলা থেকে উঠে আসা বিস্ময় কিশোর। আর সেটাও কিনা ওল্ড ট্র্যাফোর্ডে, যেখানে ১৭ বছর বয়সে প্রথমবার শতরানে পৌঁছেছিলেন মাস্টার ব্লাস্টার। অভিষেক লগ্নে যদিও ১০ বলে ১৪ রানেই দাঁড়ি পড়ে তার ইনিংসে। তবে দুটো ছক্কায় সাজানো ইনিংসে ছিল প্রতিভার ছোঁয়া।
বৈভবের আবির্ভাবের মঞ্চে অবশ্য পরাজয়ের যন্ত্রণাই সঙ্গী ভারতের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ০-২ হোয়াইটওয়াশের লজ্জার পর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। শনিবার পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে শ্রেয়স আয়ার ব্রিগেড হারল ৪ উইকেটে। জেকব বেথেলের অপরাজিত ৭৬ রানই তফাত গড়ে দিল। পাশাপাশি, বোলিং ব্যর্থতাও ভোগাল টিম ইন্ডিয়াকে। পরিণতি, ক্যাপ্টেন শ্রেয়স এখনও জয়ে দেখা পেলেন না। ১৯তম ওভারেই লক্ষ্যে পৌঁছায় ইংল্যান্ড (১৯১-৬)।
টস জিতে প্রথমে ব্যাট করে ঈশান কিষান (৪০ বলে ৪৯), অভিষেক শর্মা (২৪ বলে ৪৩), শ্রেয়স (২২ বলে ৩৭) ও তিলক ভার্মার (১১ বলে নট আউট ২৪) সৌজন্যে ৭ উইকেটে ১৯০ তোলে ভারত। টানা তিন ইনিংসে ব্যর্থতার জেরে সঞ্জু স্যামসনকে এদিন প্রথম এগারোর বাইরে রাখা হয়। কয়েক মাস আগে টি-২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়া কেরালাইটের পরিবর্তে সুযোগ পায় বৈভব। জোফ্রা আর্চার ও যশ টংকে মারা দুটো ছক্কায় ‘বেবি বস’কে ছন্দেও দেখায়। কিন্তু উইল জ্যাকসের অফস্পিনে ক্রিজ ছেড়ে মারতে গিয়ে স্টাম্পড হয়ে ফেরে। সঙ্গী ওপেনার অভিষেক অবশ্য ঝড় তোলেন। কিন্তু পঞ্চাশের আগে থামেন তিনি। জমাট দেখাচ্ছিল শ্রেয়সকেও। কিন্তু দু’জনে ফেরার পর রানের গতি কমে। ঈশানের চেষ্টায় অবশ্য খামতি ছিল না। শেষ ৭ বলে ২৩ রান অবশ্য স্কোরকে ভদ্রস্থ করে।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। প্রথম ওভারে জোড়া ধাক্কা দেন অর্শদীপ সিং। কিন্তু ক্যাপ্টেন হ্যারি ব্রুককে (৩৯) সঙ্গে নিয়ে ইনিংস মেরামতে নামেন বেথেল। পরে টম ব্যান্টনের (৩৯) সঙ্গেও জুটি গড়েন তিনি। ১৭তম ওভারে রবি বিষ্ণোইকে ৩টি ছক্কা ও ১টি চার মারেন বেথেল। সেই ওভারে ওঠে ২৯। সেটাই নিশ্চিত করে ভারতের পরাজয়।