Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়াডে ভারতের পঞ্চম সোনা, শ্যুটিংয়ে লক্ষ্যভেদ নীরু ধান্ধার

এশিয়ান গেমসে শ্যুটিংয়ে নতুন ইতিহাস গড়লেন ভারতের নীরু ধান্ধা। মহিলাদের ট্র্যাপের ব্যক্তিগত বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতলেন হরিয়ানার এই ২৬ বছরের শ্যুটার।

এশিয়াডে ভারতের পঞ্চম সোনা, শ্যুটিংয়ে লক্ষ্যভেদ নীরু ধান্ধার
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৪
Prefer us on Google

নাগোয়া, ২৯ সেপ্টম্বর: এশিয়ান গেমসে শ্যুটিংয়ে নতুন ইতিহাস গড়লেন ভারতের নীরু ধান্ধা। মহিলাদের ট্র্যাপের ব্যক্তিগত বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতলেন হরিয়ানার এই ২৬ বছরের শ্যুটার। শুধু সোনাই নয়, ফাইনালে ২৮ পয়েন্ট স্কোর করে গড়লেন নতুন এশিয়ান রেকর্ডও। মঙ্গলবার নীরুর দুরন্ত পারফরম্যান্সে জোড়া সাফল্য এল, ব্যক্তিগত বিভাগে সোনা এবং দলগত বিভাগে রুপো ছিনিয়ে নিল ভারত।

Advertisement

দিনের শুরুতেই নীরু, অশিমা আহলাওয়াত এবং মনীষা কিরের ভারতীয় দল মহিলাদের ট্র্যাপ টিম ইভেন্টে রুপো নিশ্চিত করে। তিন শুটারের সম্মিলিত স্কোর ছিল ৩২৮। ৩৪৬ পয়েন্ট নিয়ে সোনা জেতে চিন, আর ৩২৫ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পায় কুয়েত। অর্থাৎ কুয়েতের থেকে মাত্র তিন পয়েন্ট এগিয়ে রুপো নিশ্চিত করে ভারত। দলগত ইভেন্টে ভারতের সাফল্যের মূল কারিগর ছিলেন নীরুই। ১২৫টি লক্ষ্যের মধ্যে তিনি আঘাত করেন ১১৮টিতে। পাঁচ রাউন্ডে তাঁর স্কোর ছিল ২৪, ২৪, ২৪, ২৩ এবং ২৩। 

ফাইনালে শুরুটা পুরোপুরি নিখুঁত ছিল না নীরুর। নবম শটে প্রথম বার লক্ষ্যভ্রষ্ট হন তিনি এবং সাময়িক ভাবে নেমে যান তৃতীয় স্থানে। কিন্তু সেখান থেকেই দুর্দান্ত প্রত্যাবর্তন। পরের সিরিজগুলিতে ধারাবাহিক নিখুঁত শট নিয়ে ফের শীর্ষে উঠে আসেন। ২০টি শটের মধ্যে ১৯টি লক্ষ্যভেদ করার পর শেষ সিরিজেও চাপ সামলে সোনা নিশ্চিত করেন।

চলতি বছরও দুর্দান্ত ছন্দে রয়েছেন নীরু। ইতালির লোনাতোয় আয়োজিত শটগান বিশ্বকাপে মহিলাদের ট্র্যাপ ইভেন্টে ব্যক্তিগত সোনা জিতে ইতিহাস গড়েছিলেন তিনি। তিনিই প্রথম ভারতীয় মহিলা, যিনি মহিলাদের ট্র্যাপে ব্যক্তিগতভাবে আইএসএসএফ বিশ্বকাপের সোনা জেতেন। এরপর কাজাখস্তানের আলমাটিতে আইএসএসএফ বিশ্বকাপের ট্র্যাপ মিক্সড টিম ইভেন্টেও ব্রোঞ্জ পদক জিতেছিলেন নীরু।

১০ দিনের লড়াই শেষে ভারতের পদকসংখ্যা দাঁড়িয়েছে ৪৮ এ। এর মধ্যে রয়েছে ৫টি সোনা, ২১টি রুপো এবং ২২টি ব্রোঞ্জ। অর্থাৎ সোনার পাশাপাশি রুপো ও ব্রোঞ্জেও ধারাবাহিক সাফল্য পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ