Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

শ্রীলঙ্কাকে দুরমুশ ভারতের

৬০০তম টেস্টে এল ১৬৫ রানের বড়োসড়ো জয়। শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে কার্যত উড়িয়ে দিয়ে দু’ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত

শ্রীলঙ্কাকে দুরমুশ ভারতের
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গল: ৬০০তম টেস্টে এল ১৬৫ রানের বড়োসড়ো জয়। শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে কার্যত উড়িয়ে দিয়ে দু’ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। বুধবার দ্বিতীয় সেশনেই দাঁড়ি পড়ল হোমটিমের প্রতিরোধে। ৩৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে ধনঞ্জয় ডি’সিলভার দলের সংগ্রহ ২০৬। মানব সুথারের ঘূর্ণিই তফাত গড়ে দিল। দ্বিতীয় ইনিংসে বাঁ-হাতি স্পিনারের শিকারসংখ্যা ৬। ম্যাচে মোট দশ উইকেট নিলেও গল টেস্টে সেরার স্বীকৃতি অবশ্য তিনি পাননি। নায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে দু’ইনিংস মিলিয়ে মোট ২১১ রান করা দেবদত্ত পাদিক্কালকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে টিম ইন্ডিয়াকে অক্সিজেন দিল এই জয়। সেই লক্ষ্যে রবিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাঠে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টেও জেতা জরুরি। সেখানে দ্বীপরাষ্ট্র আবার পাবে না পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস ও দীনেশ চান্ডিমলকে। অর্থাৎ, প্রথম এগারোর তিন ব্যাটারকে ছাড়াই সমতা ফেরানোর চ্যালেঞ্জ তাদের সামনে। ফলে টিম ইন্ডিয়ার সামনে ২-০ করার সুবর্ণ সুযোগ।

Advertisement

এদিন ৮৪-৪ নিয়ে শুরু করেছিল শ্রীলঙ্কা। ক্যাপ্টেন ধনঞ্জয় ও সোনাল দিনুশার জুটি ভাঙা যাচ্ছিল না কিছুতেই। শুভমান গিল ব্রিগেড অবশ্য ধৈর্য হারায়নি। হাফ-সেঞ্চুরির পর রবীন্দ্র জাদেজাকে সুইপ মারতে গিয়ে ধনঞ্জয় ফিরতেই খুলে যায় লকগেট। যশস্বী জয়সওয়ালের স্লেজিংয়ে উত্তেজিত নিরোশান ডিকবেলা ফেরেন প্রসিদ্ধ কৃষ্ণাকে কাট মারতে গিয়ে। এরপর দিনুশা ও কেশারা নুয়ান্থা লড়াই চালান ১৫ ওভার ধরে। 
এরপরই সুথার ম্যাজিক। একই ওভারে তিন উইকেট। সেটাই দাঁড়াল দশ বলে চার উইকেট। এই টেস্টে দ্বিতীয় সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরলেন দিনুশা। তারপর ওই ওভারেই আউট প্রভাত জয়সূর্য ও লাহিরু কুমারা। পরের ওভারে নুয়ান্থাকে বোল্ড করে ম্যাচে যবনিকা টানলেন সুথার। উল্লেখ্য, কেরিয়ারের দ্বিতীয় টেস্টেই দু’বার ‘ফাইভ উইকেট হল’। কেরিয়ারে প্রথমবার ম্যাচে পেলেন দশ উইকেট। ভারতের জয়ের ঠিক পাঁচ মিনিটের মধ্যেই নামল মুঝলধারে বৃষ্টি। ভাগ্যিস, সুথারের ঘূর্ণি মুহূর্তের মধ্যে ধরিয়েছিল ভাঙন। নাহলে কী আর এভাবে দুরমুশ করা যেত শ্রীলঙ্কাকে!
স্কোরবোর্ড: ভারত প্রথম ইনিংস ৪৬২, শ্রীলঙ্কা প্রথম ইনিংস ২৮৪, ভারত দ্বিতীয় ইনিংস ১৯৩। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস (৮৪-৪ এর পর)- ধনঞ্জয় ক সুথার বো জাদেজা ৫৯, দিনুশা ক জুরেল বো সুথার ৮৪, নিরোশান ক পন্থ বো প্রসিদ্ধ ১০, নুয়ান্থা বো সুথার ২০, জয়সূর্য বো সুথার ০, কুমারা ক পন্থ বো সুথার ০, অসিথা অপরাজিত ০, অতিরিক্ত ৯, মোট (৭৭.৪ ওভারে) ২০৬। উইকেট পতন: ৫-১৪২, ৬-১৫৬, ৭-১৯৯, ৮-১৯৯, ৯-১৯৯, ১০- ২০৬। বোলিং: সিরাজ ৯-২-১৫-১, সুথার ২৩.৪-২-৫৫-৬, প্রসিদ্ধ ১০-৩-১৬-২, জাদেজা ২৩-৩-৭১-১, কুলদীপ ১১-০-৩৮-০, পাদিক্কাল ১-০-৫-০।
 ভারত ১৬৫ রানে জয়ী। 
 ম্যাচের সেরা- দেবদত্ত পাদিক্কাল।

Advertisement
সম্পর্কিত সংবাদ