Bartaman Logo
১২ জুলাই, ২০২৬

হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় নিখোঁজ ভারতীয় নাবিক, কড়া বার্তা বিদেশ মন্ত্রকের

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় নিখোঁজ ভারতীয় নাবিকের খোঁজে অভিযান চলছে। বিদেশ মন্ত্রক ঘটনার গুরুত্ব তুলে ধরেছে। বিস্তারিত পড়ুন।

হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় নিখোঁজ ভারতীয় নাবিক, কড়া বার্তা বিদেশ মন্ত্রকের
  • ১২ জুলাই, ২০২৬ ১৪:০৭
Prefer us on Google

নয়াদিল্লি, ১২ জুলাই: রবিবার ভোররাতে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সাইপ্রাসের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইরান। যেই ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। ওই জাহাজে কর্মরত ছিলেন ১১ জন ভারতীয় নাবিক। তাঁদের মধ্যে ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হলেও এখনও এক জন নিখোঁজ রয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি অভিযান চলছে। এমনই জানা গিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে।

Advertisement

সূত্রের খবর, ‘জিএফএস গ্যালাক্সি’ নামের জাহাজটি ইরানের বাহিনীর হামলার মুখে পড়ার পর তাতে আগুন ধরে যায়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রাণ বাঁচাতে জাহাজ ছেড়ে সমুদ্রে নামতে বাধ্য হন কর্মীরা। পরে উদ্ধারকারী দল ১০ জন ভারতীয় নাবিককে উদ্ধার করতে সক্ষম হলেও এক জনের এখনও কোনও খোঁজ মেলেনি। 

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রক জানায়, ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ ‘জিএফএস গ্যালাক্সি’র ওপর হামলার ঘটনাকে ভারত অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। নিখোঁজ ভারতীয় নাবিকের সন্ধানে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ঘটনার ওপর নিবিড় নজর রাখা হচ্ছে এবং নিখোঁজ নাবিককে দ্রুত খুঁজে বের করার পাশাপাশি জাহাজে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভারতের তরফে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর ধারাবাহিক হামলার ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছে এবং পরিস্থিতি দ্রুত শান্ত করার আহ্বান জানিয়েছে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ধরনের হামলা কেবল নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং আন্তর্জাতিক বাণিজ্য ও নৌপরিবহন ব্যবস্থার ওপরও খারপ প্রভাব ফেলছে। তাই উত্তেজনা অবিলম্বে কমানো এবং চলমান কূটনৈতিক আলোচনা দ্রুত সফল পরিণতিতে পৌঁছানো জরুরি, যাতে অঞ্চলজুড়ে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। ভারত আরও জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামো কোনোভাবেই হামলার লক্ষ্যবস্তু হতে পারে না। এ ধরনের আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক জলপথে নিরাপদ, অবাধ নৌচলাচল ও বাণিজ্য দ্রুত পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ