Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এবারও জমজমাট ভারতীয় ক্রিকেটের সাপ্লাই লাইন

ভারতীয় ক্রিকেটের সাপ্লাই লাইনকে সচল রাখতে বিসিসিআই সব সময় ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেয়। তা সে রঞ্জি ট্রফি হোক বা সৈয়দ মুস্তাক আলি ট্রফি অথবা বিজয় হাজারে।

এবারও জমজমাট ভারতীয় ক্রিকেটের সাপ্লাই লাইন
  • ২ মে, ২০২৬ ০৮:০৫

অনুভব সেনগুপ্ত, কলকাতা: ভারতীয় ক্রিকেটের সাপ্লাই লাইনকে সচল রাখতে বিসিসিআই সব সময় ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেয়। তা সে রঞ্জি ট্রফি হোক বা সৈয়দ মুস্তাক আলি ট্রফি অথবা বিজয় হাজারে। কিন্তু ২০০৮ সাল থেকে এইসব টুর্নামেন্টকে পিছনে ফেলে ভারতীয় ক্রিকেটের মূল সাপ্লাই লাইন হয়ে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বিশেষ করে ক্রিকেটের পরিবর্তিত অধ্যায় টি-টোয়েন্টি ফরম্যাটের রমরমার সময়ে। একটা করে আইপিএল শেষ হয় আর এক ঝাঁক তরুণ ক্রিকেটার উঠে আসে ভারতীয় ক্রিকেটের এই টি-টোয়েন্টি মহারণের আসর থেকে। আইপিএলে ইমার্জিং প্লেয়ার এর খেতাব জেতার তালিকাই তা প্রমাণ করে।  খুব কম নয়। ২০০৯ ইমার্জিং প্লেয়ারের শিরোপা জেতেন রোহিত শর্মা। তারপর এই খেতাব ২০১৩ তে সঞ্জু স্যামসন, ২০১৪তে অক্ষর প্যাটেল, ২০১৫- এ শ্রেয়স আইয়ার, ২০১৮ তে রিষভ পান্থ, ২০১৯ এর শুভমান গিল ২০২৩এ যশস্বী জয়সোয়াল, বা ২০২৫-এ  জেতা সাই সুদর্শন প্রত্যেকেই আজ ভারতীয় ক্রিকেটের আকাশে নক্ষত্র। এর বাইরেও বহু প্লেয়ার আছে যারা ইমার্জিং প্লেয়ার এর ট্রফি না জিতলেও আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করে আজ ভারতীয় ক্রিকেটের শিরোনামে। এই তালিকায় রয়েছেন সূর্যকুমার যাদব, জাসপ্রিত বুমরা, অভিষেক শর্মা, অর্শদীপ সিং সহ বহু নাম। চলতি বছরের আইপিএল এখন মাঝপথে। আর এবারও এক ঝাঁক তরুণ ক্রিকেটারের দুরন্ত পারফরম্যান্স নজর কেড়েছে নির্বাচকদের। আর এই তালিকায় সবার আগে নাম থাকছে সদ্য পনেরোয় পা দেওয়া বিস্ময়-কিশোর বৈভব সূর্যবংশীর। রাজস্থান রয়্যালসের হয়ে  ১০ ম্যাচে  তার রান ৪০৪। আইসিসি নিয়ম ১৫ বছর না হলে কোন দেশের সিনিয়র দলে খেলা যায় না। ফলে সদ্য পনেরোয় পা দেওয়া সূর্যবংশীর টেকনিক্যালি বড়দের ভারতীয় দলে সুযোগ পেতে কোন সমস্যা নেই। সূর্যবংশী ছাড়াও আরও বেশকিছু তরুণ ক্রিকেটার এবার কড়া নাড়তে চলেছেন ভারতীয় ক্রিকেটের টি-টোয়েন্টি দলে। যার মধ্যে উল্লেখযোগ্য পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আরিয়া এবং প্রভসিমরান সিং। প্রিয়াংশ ৯ ম্যাচে করেছেন ৩১২ রান আর সম সংখ্যক ম্যাচ খেলে প্রভসিমরানের সংগ্রহ ৩৪৬। এছাড়াও নজর কেড়েছেন মুম্বাইয়ের আয়ুস মাত্রে, কেকেআরের অঙ্গক্রিশ রঘুবংশী। বল হাতে আট ম্যাচে ১৪ উইকেট নিয়ে অংশুল কম্বোজ এবং ১৩ উইকেট নিয়ে প্রিন্স যাদব নজর কেড়েছেন নির্বাচকদের চোখে। ফলে বোঝাই যাচ্ছে ক্রিকেটের সব থেকে সংক্ষিপ্ত ফর্ম্যাটে ভারতের তরুণ ক্রিকেটারের সাপ্লাই লাইন এবারের আইপিএলেও জারি থাকছে। যা টি-টোয়েন্টির জন্য ভারতীয় দল গঠনের বৈঠকে রীতিমতো সমস্যায় ফেলতে চলেছে অজিত আগারকার, গৌতম গম্ভীরদের। আর এই আইপিএল থেকেই হয়তো উঠে আসবেন ভবিষ্যতের সচীন অথবা কুম্বলেরা। অন্যদিকে, ফুটবলের আইএসএল যেখানে এক বছর বন্ধ থাকে অথবা অন্যান্য খেলার টিআরপিও কার্যত শূন্য সেখানে, বছরের পর বছর আইপিএলের এই  প্রতিভা তুলে আনা প্রমাণ করে দেশের ক্রীড়া প্রেমীদের কাছে এই খেলার জনপ্রিয়তা আজ এক নম্বরে।

Advertisement
সম্পর্কিত সংবাদ