নয়াদিল্লি, ২৫ মে: আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় বায়ুসেনা। বিমান বাহিনীর ক্ষমতা বাড়াতে ঐতিহাসিক পদক্ষেপ নিল দেশের প্রতিরক্ষামন্ত্রক। সূত্রের খবর, ভারতে আসতে চলেছে আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান। তার মধ্যে ৯০টি আবার তৈরি হবে ভারতের মাটিতেই। ইতিমধ্যেই দিল্লির তরফে ফ্রান্সের কাছে লেটার অব রিকোয়েস্ট পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এর মাধ্যমেই দুই দেশের মধ্যে সমরাস্ত্র লেনদেনের প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। নথিতে থাকে সমরাস্ত্র সংক্রান্ত সমস্ত তথ্য। জানা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই ফ্রান্সে পাঠানো হতে পারে এটি। প্রস্তাবপত্র পাঠানোর পর ফ্রান্সের কাছ থেকে বিমানের মূল্য, লজিস্টিক সংক্রান্ত বিবরণ বিশদে ভারতে পাঠানো হবে। প্রয়োজনে এই বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনাও হতে পারে। তারপরই ভারত-ফ্রান্সের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। ভারতের বায়ুসেনা প্রধানও বিষয়টি নিয়ে আলোচনার জন্য ফ্রান্সে যেতে পারেন। আগামী জুনে ফ্রান্সে যেতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এরপর এই বিষয়ে অনুমোদন দেবে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বা সিসিএস।



