নাগোয়া: কবাডিতে জোড়া সোনা ভারতের! শনিবার এশিয়ান গেমসে পুরুষ ও মহিলাদের কবাডিতে আধিপত্য বজায় রেখে এল সাফল্য। পুরুষ ও মহিলা, উভয় বিভাগেই প্রতিদ্বন্দ্বী ছিল ইরান। পুরুষরা জেতেন ৪০-৩৪ ব্যবধানে। এই আসরে এটি পুরুষদের নবম সোনা। তুলনায় মহিলাদের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। শেষ পর্যন্ত ভারতের মহিলারা ৩৭-৩৪ ব্যবধানে বাজিমাত করেন, যা তাদের এশিয়ান গেমসে চতুর্থ সোনা।
চলতি আসরের সপ্তম দিনের শেষে ভারতের মোট সোনার সংখ্যাও চারটি। সঙ্গে রয়েছে এক ডজন রুপো ও ১৪টি ব্রোঞ্জ। দিনের শুরুটা হয়েছিল ম্যারাথনে সাওয়ান বারওয়ালের অপ্রত্যাশিত রুপো জয়ের মাধ্যমে। হিমাচল প্রদেশের মান্ডির ২৮ বছর বয়সি সেনাবাহিনীতে কর্মরত। তিনি ৪২.১৯৫ কিমি দূরত্ব পেরতে নেন ২ ঘণ্টা ১১ মিনিট ৩৭ সেকেন্ড। সোনা ফসকে যায় মাত্র ৪৮ সেকেন্ডের জন্য। এদিন নিজেরই রেকর্ড ভেঙে রুপো পান সাওয়ান, যা এই আসরে ৪৪ বছর পর ম্যারাথনের পদক। ১৯৮২ সালে নয়াদিল্লিতে হোসুর কুকাপ্পা সিথরন ম্যারাথনে জিতেছিলেন ব্রোঞ্জ। সাওয়ান হলেন এই আসরে ভারতের চতুর্থ পদকজয়ী। এর আগে ১৯৫১ সালে নয়াদিল্লিতে উদ্বোধনী এশিয়ান গেমসে ম্যারাথনে যথাক্রমে সোনা ও ব্রোঞ্জ জেতেন ছোটা সিং ও সুরাত সিং মাথুর।
শ্যুটিংয়ে মহিলাদের দলগত ৫০মিটার রাইফেল থ্রি পজিশনে ভারতের তিলোত্তমা সেন, ভিদারসা বিনোদ ও আশি চৌকসি জেতেন রুপো। মোট ১৭৬৩ পয়েন্ট স্কোর করেন ত্রয়ী। স্কোয়াশের মিক্সড ডাবলসে এসেছে ব্রোঞ্জ। সেমি-ফাইনালে জোৎস্না চিনাপ্পা ও ভিলাবান সেন্থিলকুমার ১০-১১, ১১-২, ১০-১১ ব্যবধানে হারেন হংকংয়ের ট্যাং মিং হং ও লি কা ই জুটির কাছে। তবে স্কোয়াশে সোনার আশা জাগিয়েছেন অনাহত সিংহ। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন জুনিয়রে বিশ্বজয়ী ১৮ বছর বয়সি। অতীতে কোনো ভারতীয় মহিলার এই কৃতিত্ব নেই। টিনএজার অনাহত রুদ্ধশ্বাস লড়াইয়ে ০-২ পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে হারিয়েছেন বিশ্বের ছয় নম্বর জাপানের সাতোমি ওয়াতানাবেকে। পুরুষদের সিঙ্গলসেও রয়েছে সোনার হাতছানি। ফাইনালে উঠেছেন অভয় সিং। তিনি ৩-০ উড়িয়ে দেন পাকিস্তানের মুহাম্মদ ইরফানকে। উল্লেখ্য, সোনা জিতলে অনাহত ও অভয় পাবেন ওলিম্পিকসের টিকিট। তবে আশাভঙ্গ হল শটপাটে গত দু’বারের সোনাজয়ী তেজিন্দারপাল সিং তুরের। সোনার হ্যাটট্রিক হল না তাঁর। ২০.৬৪ মিটার ছুড়ে রুপো পেলেন তিনি। অ্যাথলেটিক্সে মহিলাদের ৪০০ মিটারে প্রাচী চৌধুরি জিতেছেন ব্রোঞ্জ। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের প্রি কোয়ার্টার-ফাইনালে উঠেছেন পিভি সিন্ধু। তিনি ২১-১৯, ২১-১৪ ব্যবধানে হারান চাইনিজ তাইপের চিউ পিন-চিয়ানকে। তবে পুরুষদের সিঙ্গলসে থেকে হেরে বিদায় নিলেন লক্ষ্য সেন। ছবি: পিটিআই