জাপানকে টপকে ২০২৭ সালে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত, মত আইএমএফের, জিডিপি নির্ধারণের নয়া পদ্ধতিকে সমর্থন
  • ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জাপানকে টপকে ২০২৭ সালে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। এমনই পূর্বাভাস আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (আইএমএফ)। সংস্থার মতে, আগামী অর্থবর্ষে ভারতের জিডিপি হবে ৪.৫২ লক্ষ কোটি ডলার। আর দু’ধাপ নেমে জাপানের স্থান হবে ষষ্ঠ। আগের মতোই প্রথম দু’টি স্থানে থাকবে আমেরিক এবং চীন। তৃতীয় স্থানে জার্মানি। পঞ্চম স্থানে ব্রিটেন। ভারতের চতুর্থ স্থানে উঠে আসা প্রসঙ্গে আইএমএফ জানিয়েছে, যুদ্ধ সহ নানা কারণে এখন আন্তর্জাতিক অর্থনীতি টালমাটাল। এরপরেও ভারতীয় অর্থনীতির অগ্রগতি প্রশংসনীয়।  চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ হবে বলে আগেই জানিয়েছে আইএমএফ। বৃহস্পতিবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আর্থিক রিপোর্ট প্রকাশ করেছে আইএমএফ। সংস্থার এশিয়া শাখার ডিরেক্টর কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, ইরান যুদ্ধের পর থেকেই ভারত জ্বালানি সমস্যায় জেরবার। এরপরেও দেশের আর্থিক বৃদ্ধি মজবুত রয়েছে। আর দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার যথেষ্ট। সেই কারণে টালমাটাল অবস্থা সত্ত্বেও পোক্ত অর্থনীতির ভিত্তি রয়েছে ভারতের। ভারতের জিডিপির নতুন পদ্ধতিকেও সমর্থন করেছে আইএমএফ। সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, এই নতুন পদ্ধতি আইএমএফের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এদিন ব্যাংককে কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, ভারতের জিডিপির এই নতুন কাঠামোটি আইএমএফের নিজস্ব পরিসংখ্যান বিভাগের দেওয়া পরামর্শ মেনেই তৈরি করা হয়েছে।

Advertisement