


নয়াদিল্লি: শর্তাবলি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। সব ঠিকঠাক থাকলে ৮ জুলাইয়ের মধ্যেই বহু প্রতীক্ষিত ভারত-মার্কিন অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি ঘোষণা হতে পারে। সূত্র উদ্ধৃত করে সোমবার এমনই জানিয়েছে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম।
বাণিজ্য চুক্তির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে ওয়াশিংটনে রয়েছে ভারতীয় প্রতিনিধিদল। এই দলের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় বাণিজ্য বিভাগের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল। ট্রাম্প প্রশাসনের সঙ্গে দরকষাকষিতে দেশের স্বার্থ রক্ষার ভার মূলত তাঁর কাঁধেই। চুক্তির ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা বলে গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক পদস্থ আধিকারিক জানিয়েছেন। ৮ জুলাই শেষ হচ্ছে ট্রাম্পের ঘোষিত নয়া শুল্ক নীতি কার্যকর স্থগিত রাখার মেয়াদ। তার মধ্যে বাণিজ্য চুক্তি না হলে আমেরিকায় পণ্য ও পরিষেবা রপ্তানিতে চড়া শুল্কের কোপ পড়তে চলেছে ভারতীয় সংস্থাগুলির উপরে।
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে এপ্রিলে বেশ কিছু দেশের পণ্যের উপরে চড়া শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নয়া শুল্ক নীতির কোপে পড়ে ভারতও। ভারতের উপর ২৬ শতাংশ পাল্টা শুল্ক চাপান তিনি। পরে অবশ্য ৯ জুলাই পর্যন্ত এই সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা করে ট্রাম্প প্রশাসন। এই পরে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসে নয়াদিল্লি এবং ওয়াশিংটন।