


নয়াদিল্লি: আগামী পাঁচ বছরে ৫০ হাজার কোটি ডলার মূল্যের মার্কিন পণ্য কিনবে ভারত। এর মধ্যে রয়েছে জ্বালনি, প্রযুক্তি থেকে কৃষি পণ্যও। রবিবার এক্স হ্যান্ডলে একথা জানিয়েছেন ভারত সফররত মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। এজন্য ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গেই গোরকে বিশেষ কৃতিত্ব দিয়েছেন রুবিও।
দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের মসনদে বসেই ‘শুল্ক-সন্ত্রাস’ শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সেই চড়া শুল্কের সবচেয়ে ভুক্তভোগী নয়াদিল্লি। ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধ নিয়ে ট্রাম্পের দাবি ঘিরে দুই দেশের সম্পর্ক কিছুটা শীতল হয়ে যায়। এরপর ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে মুখ পুড়েছে আমেরিকার। অনেক চেষ্টা করেও হরমুজ জট খুলতে পারেননি। ভূ-রাজনীতির এই সংকটময় মুহূর্তে চলতি সফরে ভারতের সঙ্গে পুরানো সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টাও শুরু করেছে আমেরিকা। রবিবার বিদেশমন্ত্রী এস জয়শংকরকে পাশে বসিয়ে মার্কিন বিদেশ সচিব মার্ক রুবিওর ঘোষণা, ‘ভারত হল আমেরিকার বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার।’
চারদিনের ভারত সফরে রুবিও এদিন হায়দরাবাদ হাউসে জয়শংকরের সঙ্গে বৈঠক করেন। এরপর যৌথ সাংবাদিক বৈঠকে রুবিও বলেন, দুই দেশের কৌশলগত সম্পর্ক অভিন্ন স্বার্থে বাঁধা। চিরাচরিত কূটনীতি ছাড়িয়ে সেই সম্পর্ক অনেক দূর বিস্তৃত।’ এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘কৌশলগত সম্পর্ক হল সেটাই, যা দুই দেশের স্বার্থকেই রক্ষা করে। কোনো সমস্যায় পড়লে দুই দেশই তা সমাধানের চেষ্টা করে।’ ভারতের সঙ্গে আমেরিকার মিল তুলে ধরতে দুই দেশের গণতান্ত্রিক ঐতিহ্যের কথা বলেছেন তিনি। মিল রয়েছে আরও। দুই দেশই সন্ত্রাসবাদের শিকার জানিয়ে রুবিও বলেন, ‘জঙ্গি মোকাবিলায় দুই দেশের অভিন্ন কৌশল রয়েছে।’
দিল্লির হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জয়শংকর। ছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি এবং বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়ালও। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য এবং নিত্যনতুন প্রযুক্তি নিয়ে আলোচনা হয়েছে। এদিন আমেরিকায় ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য নিয়েও প্রশ্নের মুখে পড়ে রুবিও। এক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের ভূমিকার কথা অস্বীকার করেছেন মার্কিন বিদেশ সচিব। তাঁর সাফাই, ‘এসব নির্বোধের কাজ।’ রুবিওর কথায়, ‘সব দেশেই নির্বোধ মানুষ রয়েছে। আমেরিকাতেও নির্বোধ মানুষ রয়েছে। এরাই বিরূপ মন্তব্য করে থাকে।’