Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

চাপে শ্রীলঙ্কা, জয়ের গন্ধ পাচ্ছে ভারত

২০১৭ সালে দেশের মাটিতেও ভারতের বিরুদ্ধে টেস্টে ফলো-অনের কবলে পড়েছিল শ্রীলঙ্কা দল। দীর্ঘ ৯ বছর পর সেই লজ্জার পুনরাবৃত্তি।

চাপে শ্রীলঙ্কা, জয়ের গন্ধ পাচ্ছে ভারত
  • ২৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: ২০১৭ সালে দেশের মাটিতেও ভারতের বিরুদ্ধে টেস্টে ফলো-অনের কবলে পড়েছিল শ্রীলঙ্কা দল। দীর্ঘ ৯ বছর পর সেই লজ্জার পুনরাবৃত্তি। সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচে সোনাল দিনুশার মরিয়া লড়াইয়েও ফলো-অন এড়াতে ব্যর্থ দ্বীপরাষ্ট্রটি। প্রথম ইনিংসে ৯ উইকেটে ভারতের ৫০৩ রানের জবাবে ২৯০ রানে গুটিয়ে যায় তারা। শুভমান গিল সিদ্ধান্ত নেন প্রতিপক্ষকে ফলো-অন করানোর। ফের ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ধনঞ্জয় ডি সিলভাদের স্কোর ৬ উইকেটে ২২৯। প্রথম ইনিংসের ঘাটতি মিটিয়ে লিড আপাতত ১৬ রানের। প্রকৃতি বাদ না সাধলে বৃহস্পতিবার বড়ো জয় নিয়েই মাঠ ছাড়া উচিত গৌতম গম্ভীরের ছেলেদের।

Advertisement

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাঠে তৃতীয় দিনেই কোনঠাসা হয়ে পড়েছিল শ্রীলঙ্কা। এদিন ৮ উইকেটে ২৬৫ রান নিয়ে খেলা শুরু করে তারা। সোনাল দিনুশা শতরান পূর্ণ করলেও হোম টিমের ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। প্রায় ৪ ঘণ্টার ম্যারাথন ইনিংসে দুরন্ত দৃঢ়তার পরিচয় দেন এই তরুণ প্রতিভা। দিনুশার ১০৩ রানের ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা। তবে সঙ্গীর অভাবে দলকে ফলো-অনের হাত থেকে উদ্ধার করতে পারেননি। আর সেটাও মাত্র ১৪ রানের জন্য! শ্রীলঙ্কার প্রথম ইনিংসের শেষ দু’টি উইকেটই সারাংশ জৈনের।
২১৩ রানের ঘাটতি মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই লাহিরু উদারার উইকেট হারিয়ে আরও চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। তবে তিন নম্বরে নেমে ভারতীয় বোলারদের পালটা চ্যালেঞ্জের মুখে ফেলেন পাসিন্দু সূর্যবন্দর। সংকটকালে কামিল মিশ্র (৩২) ও কামিন্দু মেন্ডিসকে (৫৫) সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা চালান তিনি। একটা সময় শ্রীলঙ্কার স্কোর ছিল ২ উইকেটে ১৭৮। তবে প্রসিদ্ধের বলে কামিন্দু ফেরার পর ফের বিপাকে পড়ে শ্রীলঙ্কান ব্যাটিং লাইন-আপ। এই পর্বে রীতিমতো ভয়ংকর হয়ে ওঠেন মানব সুথার। পর পর তিনি ফেরান ধনঞ্জয় ডি সিলভা (২৩) ও সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে যাওয়া পাসিন্দুকে। এই সিরিজে ভারতীয় দলের সেরা প্রাপ্তি সুথার আবারও প্রমাণ করলেন নিজের যোগ্যতা। বিশেষ করে এদিন পাসিন্দুকে যে বুদ্ধিদীপ্ত ডেলিভারিতে ফাঁদে ফেললেন, তা সত্যিই অনবদ্য। এই স্টাম্পড আউটের ক্ষেত্রে প্রশংসা করতে হবে পন্থেরও। সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থাকা ব্যাটারকে স্লেজিং করতে থাকেন ভারতীয় উইকেটরক্ষক। পরের বলেই পাসিন্দু স্টাম্প ছেড়ে মারতে গিয়ে ছুড়ে দেন উইকেট। ১৭৩ বলে ৯২ রানে থামেন পাসিন্দু। 
এরপরেই ম্যাচে জাঁকিয়ে বসে ভারত। শেষ দিকে বৃষ্টি না নামলে এদিনই ফয়সালা হয়ে যেতে পারত ম্যাচের। শ্রীলঙ্কার লিড আপাতত ১৬ রানের। হাতে মাত্র ৪ উইকেট। ফর্মে থাকা দিনুশাই (৭ ব্যাটিং) তাদের শেষ ভরসা। তবে সেই কাঁটা উপড়ে প্রথম দু’টি সেশনের মধ্যেই ম্যাচে যবনিকা টানার অপেক্ষায় গিল-ব্রিগেড।
স্কোরবোর্ড: ভারত প্রথম ইনিংস- ৯ উইকেটে ৫০৩। শ্রীলঙ্কা প্রথম ইনিংস (৮ উইকেটে ২৬৫ রান থেকে)- দিনুশা ক লোকেশ বো জৈন ১০৩, লাহিরু ক জুরেল বো জৈন ১২, আসিথা অপরাজিত ১। অতিরিক্ত ১৪, মোট (৮৯.৪ ওভারে) ২৯০ ও ফলো অন। উইকেট পতন: ৯-২৮৮, ১০-২৯০। বোলিং: সিরাজ ১১-০-৩৩-১, প্রসিদ্ধ ১৬-২-৫২-৩, সুথার ২২-১-৮৫-৩, জৈন ২০.৪-৫-৬৯-২, জাদেজা ২০-৪-৪৫-১।  শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস- উদারা ক জৈন বো সিরাজ ৩, কামিল এলবিডব্লু বো জাদেজা ৩২, পাসিন্দু স্টাঃ পন্থ বো সুথার ৯২, কামিন্দু ক গিল বো প্রসিদ্ধ ৫৫, ধনঞ্জয় ক পাদিক্কাল বো সুথার ২৩, সোনাল ব্যাটিং ৭, ডিকওয়ালা এলবিডব্লু বো জৈন ৬, কেশারা ব্যাটিং ৩, অতিরিক্ত ৮, মোট (৭২.৪ ওভারে) ৬ উইকেটে ২২৯ । উইকেট পতন: ১-৫, ২-৬৩, ৩-১৭৮, ৪-২০৯, ৫-২১২, ৬-২১৮। বোলিং: প্রসিদ্ধ ১০-১-৩১-১, সিরাজ ৯-৪-১১-১, সুথার ১৮-২-৮১-২, জৈন ১৭.৪-৩-৫৫-১, জাদেজা ১৮-২-৪৮-১।

Advertisement
সম্পর্কিত সংবাদ