কলম্বো: এবারের শ্রীলঙ্কা সফর টিম ইন্ডিয়ার কাছে খুবই গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকার জন্য জেতাটা জরুরি। তবে একাধিক ক্রিকেটারের চোটে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যথেষ্ট বিপাকে। শেষ মুহূর্তে তারকা পেসার যশপ্রীত বুমরাহর ছিটকে যাওয়া দুর্বল করেছে বোলিং আক্রমণকে। এর মধ্যে সাই সুদর্শনকে নিয়েও অনিশ্চয়তা বাড়ল। কারণ, মঙ্গলবার সুদর্শনকে ছাড়াই কলম্বোয় পৌঁছাল ভারতীয় ক্রিকেট দল।
শ্রীলঙ্কার মাটিতে দু’টি টেস্ট খেলবে গিল বাহিনী। গত কয়েক বছরে দ্বীপরাষ্ট্রের সফর মোটেও সুখের হয়নি। এবার কি চাকা ঘুরবে, উত্তর লুকিয়ে সময়ের গর্ভে। তবে যাবতীয় প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে গিল, যশস্বীরা সেরা পারফরম্যান্স মেলে ধরতে মরিয়া। ক্রিকেটাররা চনমনে। কলম্বো বিমানবন্দরে ক্যাপ্টেন গিলকে খোশমেজাজেই গল্প করতে দেখা গিয়েছে সতীর্থদের সঙ্গে। ক্রিকেট শ্রীলঙ্কার উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তাও ছুঁয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের মন।
সাই সুদর্শন শেষ মুহূর্তে দলের সঙ্গে যোগ দেবেন কিনা, তা স্পষ্ট নয়। কারণ, বাঁ হাতি ব্যাটার গোড়ালির চোটে কাবু। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সলেন্সে রিহ্যাব করছেন। শর্তসাপেক্ষে তাঁকে টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে। মেডিকেল টিম এখনও তাঁকে ফিট ঘোষণা না করায় তিনি দলের সঙ্গে কলম্বোয় যেতে পারেননি। তবে নেট বোলার হিসেবে তানুশ কোটিয়ান, হর্ষ দুবে, বিপরাজ নিগম ও শিবাঙ্গ কুমারকে উড়িয়ে আনা হয়েছে।
ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট শুরু ১৫ আগস্ট। চূড়ান্ত দল চয়নের আগে প্রস্তুতি ম্যাচে চোখ থাকবে কোচ গৌতম গম্ভীরের। তিনদিনের প্র্যাকটিস ম্যাচটি হওয়ার কথা ৭-৯ আগস্ট। স্থানীয় এনসিসি গ্রাউন্ডে ম্যাচটি হওয়ার কথা। কিন্তু কলম্বোয় হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ওই তিনদিন বৃষ্টি হতে পারে। তাই গিলদের প্রস্তুতিতে বাধা দিতে পারে বৃষ্টি। শ্রীলঙ্কার পরিবেশ ও পিচের সঙ্গে মানিয়ে নিতেই প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা। কিন্তু সেটা যদি ভেস্তে যায় বা বিঘ্ন ঘটে বৃষ্টিতে, তা মোটেও টিম ইন্ডিয়ার পক্ষে ইতিবাচক নয়। কারণ, ব্যাটিংয়ের চেয়ে বোলিং কম্বিনেশন সাজিয়ে তোলাই কোচ গম্ভীরের কাছে বড় চ্যালেঞ্জ। বুমরাহ না থাকায় জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবি সুযোগ পেয়েছেন। প্রথম বিদেশ সফর। বাকি পেসাররা হলেন সিরাজ, প্রসিদ্ধ ও গুরনুর ব্রার। টিম ম্যানেজমেন্ট কাদের উপর ভরসা রাখে, সেটাই দেখার।
দ্বীপরাষ্টে স্পিনাররা বরাবরই বাড়তি সুবিধা পায়। বলা ভালো, তাঁদের হাতে থাকে ম্যাচের নিয়ন্ত্রণ। তাই সঠিক স্পিন কম্বিনেশনও দরকার শ্রীলঙ্কাকে টক্কর দেওয়ার জন্য। রবীন্দ্র জাদেজার কামব্যাক এক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক। তাঁর সঙ্গে কুলদীপ যাদব, মানব সুতার রয়েছেন। অলরাউন্ডার সারাংশ জৈনকেও রাখা হয়েছে স্কোয়াডে। সব মিলিয়ে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে শ্রীলঙ্কায় ভালো ফলের আশায় টিম ইন্ডিয়া।