কলম্বো: নতুন মরশুমে শুরুটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার। আয়ারল্যান্ডে ও ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার অন্যতম কারণ হিসাবে ফিল্ডিংকে দায়ী করা হয়েছিল। তার জেরে চাকরি খোয়াতে হয় ফিল্ডিং কোচ টি দিলীপকে। তাঁর জায়গায় দায়িত্বে এসেছেন শুভদীপ ঘোষ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারদের ফিল্ডিংয়ের খামতি মেটানোই তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কলম্বোয় টিম ইন্ডিয়ার প্রথম দিনের অনুশীলনে সেই প্রয়াস স্পষ্ট। একদিকে হেড কোচ গৌতম গম্ভীর যখন ভারতীয় পেসারদের নিয়ে নেটে ব্যস্ত ছিলেন, তখন পাশেই চলছিল ঋষভ পন্থ, শুভমান গিল, লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেলদের নিয়ে স্লিপ ক্যাচ প্র্যাকটিস। শ্রীলঙ্কায় উড়ে আসার আগে ঋষভ বিশেষ ট্রেনিং করেছেন মহেন্দ্র সিং ধোনির কাছে। আসলে শ্রীলঙ্কার মাটিতে বল অনেক বেশি টার্ন করে। পিচে থাকে অসমান বাউন্স। অনেক সময় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় উইকেটরক্ষকদের। ধোনির থেকে রাঁচিতে গিয়ে তা মোকাবিলার পাঠ নিয়েছেন ঋষভ। এখন দেখার সেটা তিনি কতটা কাজে লাগাতে পারেন।
শ্রীলঙ্কার মাটিতে ভারতের দলের সামনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ। তার মধ্যে বুমরাহর না থাকা বড় ধাক্কা। তাঁর অভাব পূরণের চ্যালেঞ্জ সিরাজদের সামনে। তাই প্র্যাকটিসে সিরাজ, প্রসিদ্ধদের উপর বাড়তি নজর ছিল কোচ গম্ভীরের। শ্রীলঙ্কার মাটিতে স্পিনাররা বাড়তি সুবিধা পায়। সেকথায় মাথায় রেখে অতিরিক্ত চার নেট স্পিনারকে কলম্বোয় নিয়ে এসেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে নেট সেশনে গিল, লোকেশদের সুবিধা হবে। তাঁরা ভিন্ন ধরনের স্পিনারদের বিরুদ্ধে অনেক বেশি সময় প্র্যাকটিস করতে পারবেন। তাতে লঙ্কান স্পিনারদের সামলানোর কাজটা অনেক সহজ হবে।
এদিকে, স্কোয়াডে থাকলেও দলের সঙ্গে কলম্বোয় আসতে পারেননি সাই সুদর্শন। বেঙ্গালুরুতে তাঁর রিহ্যাব চলছিল। গোড়ালির চোটে কাবু তিনি। তবে চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছে। আশা করা হচ্ছে চলতি সপ্তাহের শেষ দিকে কলম্বোয় পৌঁছাবেন তিনি। ৭ আগস্ট থেকে ভারত তিনদিনের প্রস্তুতি ম্যাচে নামবে। শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে সুদর্শনের খেলার সম্ভাবনা ক্ষীণ। প্রথম টেস্টে তিনি মাঠে নামতে পারবেন কিনা, তা পরে জানা যাবে। সংশয়ের কারণে প্ল্যান বি তৈরি রাখছেন কোচ গৌতম গম্ভীর। একান্তই সুদর্শন খেলতে না পারলে তিন নম্বরে দেবদূত পাদিক্কাল কিংবা ধ্রুব জুরেলকে নামানো হতে পারে। তবে হাতে যেহেতু অনেকটা সময় রয়েছে, তাই ধীরে চলো নীতি নিয়েছে টিম ইন্ডিয়া। ১৫ আগস্ট শুরু প্রথম টেস্ট। তাই বেশ কিছু প্র্যাকটিস এবং প্রস্তুতি ম্যাচ খেলার পরেই ভারতের চূড়ান্ত দল নিয়ে সিদ্ধান্ত নেবেন কোচ গম্ভীর।