কলম্বো: দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত। সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাঠে রীতিমতো চাপে শ্রীলঙ্কা। ২-০ হোয়াইটওয়াশের খাঁড়া ঝুলছে ধনঞ্জয় ডি’সিলভা বাহিনীর উপরে। দ্বিতীয় দিনের শেষে ৪৯৫ রানে পিছিয়ে তারা। অধিনায়ক হিসাবে প্রথম টেস্ট সিরিজ জয়ের হাতছানি তাই শুভমান গিলের সামনে।
সোমবার ভারতের স্কোর পাঁচশোর উপরে পৌঁছে দেওয়ায় প্রধান ভূমিকা নেন ধ্রুব জুরেল। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১৭৭ বলে তাঁর ১১৫ রানের ইনিংসে ৯টি বাউন্ডারি ও দুটো ছক্কা। শতরানের পর জামার হাতা গুটিয়ে বাইসেপসের ট্যাটু দেখান ২৫ বছর বয়সি। তাতে লেখা ছিল ‘জয় জওয়ান, জয় কিষান।’
সোমবার সকালে ৫ উইকেটে ৩০০ নিয়ে শুরু করেছিল ভারত। সারাংশ জৈন ফেরার পর ঋষভ পন্থ ও জুরেল যোগ করেন ১১২ রান। টানা দু’ইনিংসে পঞ্চাশের গণ্ডি পার করেন পন্থ। ৮৯ বলের ইনিংসে তিনি মারেন ৬টি চার ও ২টি ছক্কা। তিনি ফেরার পর মানব সুথার ও মহম্মদ সিরাজের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন জুরেল। মাঝে বৃষ্টিতে ঘণ্টা দুয়েক খেলা বন্ধ থাকলেও তাঁর মনঃসংযোগ ব্যাহত হয়নি। স্কোর পাঁচশো পেরতেই ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন গিল। দ্রুত কমতে থাকা আলোয় শ্রীলঙ্কা ইনিংসের মাত্র তিন ওভার হয়। তার মধ্যেই পড়ে দু’উইকেট।
এদিকে, বড়ো শাস্তির হাত থেকে বেঁচে গেলেন যশস্বী। আচরণবিধি ভঙ্গের জন্য অসিথা ফার্নান্ডো ও তাঁর ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
স্কোরবোর্ড: ভারত প্রথম ইনিংস (৩০০-৫ এর পর)— জুরেল অপরাজিত ১১৫ , সারাংশ ক কামিল বো অসিথা ৬, পন্থ ক উদারা বো নুয়ান্থা ৬৩, সুথার ক নিরোশান বো জয়সূর্য ১৮, সিরাজ এলবিডব্লু বো জয়সূর্য ৩, প্রসিদ্ধ অপরাজিত ৪, অতিরিক্ত ২১, মোট (১৩৮ ওভারে) ৫০৩-৯ (ডিঃ)। উইকেট পতন: ৬-৩০৭, ৭-৪১৯, ৮-৪৫৮, ৯-৪৮৯। বোলিং: অসিথা ২৯-৫-১০৬-৪, কুমারা ২০-৪-৬৮-১, জয়সূর্য ৪২-৭-১৩২-২, নুয়ান্থা ৩৮-৩-১৫৪-২, দিনুশা ৩-০-৮-০, ধনঞ্জয় ২-০-৮-০, কামিল ৪-০-১৬-০।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস— উদারা ক যশস্বী বো প্রসিদ্ধ ১, কামিল ব্যাটিং ৫, জয়সূর্য এলবিডব্লু বো সুথার ২, অতিরিক্ত ০, মোট ( ৩ ওভারে) ৮-২। উইকেট পতন: ১-১, ২-৮। বোলিং: সিরাজ ১-০-১-০, প্রসিদ্ধ ১-০-১-১, সুথার ১-০-৬-১।