Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভারত ধর্মশালা নয়: শাহ

পড়ুয়া, রোগী বা ব্যবসায়ীরা ভারতে স্বাগত। কিন্তু দেশের জন্য বিপজ্জনক ব্যক্তিদের রেয়াত করবে না সরকার।

ভারত ধর্মশালা নয়: শাহ
  • ২৭ মার্চ, ২০২৫ ২০:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: পর্যটক, পড়ুয়া, রোগী বা ব্যবসায়ীরা ভারতে স্বাগত। কিন্তু দেশের জন্য বিপজ্জনক ব্যক্তিদের রেয়াত করবে না সরকার। আজ, বৃহস্পতিবার লোকসভায় নতুন অভিবাসন বিলের (ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫)  উপরে আলোচনায় অংশ নিয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেও এদিন সংসদের নিম্নকক্ষে বিলটি পাশ করিয়ে নিয়েছে মোদি সরকার।

Advertisement

প্রস্তাবিত নতুন অভিবাসন আইনে ভুয়ো পাসপোর্ট বা ভিসার মাধ্যমে ভারতে প্রবেশের ঘটনায় দোষী ব্যক্তির সর্বোচ্চ সাত বছরের জেল এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রাখা হয়েছে। অবৈধ অভিবাসীদেরও একই জেল-জরিমানা হবে।

এদিন বিলের উপরে বিতর্কে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেন, ‘জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক ব্যক্তিদের দেশে ঢুকতে দেওয়া হবে না। ভারত কোনও ধর্মশালা নয়। তবে দেশের উন্নয়নে অংশ নিতে যাঁরা এদেশে আসতে চান, তাঁরা সবসময় স্বাগত।’ প্রস্তাবিত নয়া অভিবাসন আইন দেশের নিরাপত্তা, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যকে আরও মজবুত করবে বলেই দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর আরও দাবি, এই আইনের ফলে লাভবান হবে দেশের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রও। এছাড়া ভারতে পা রাখা প্রত্যেক বিদেশি নাগরিকের প্রতি মুহূর্তের তথ্য নিশ্চিত করার ক্ষেত্রেও প্রস্তাবিত নতুন অভিবাসন আইন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও দাবি করেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ