রাঁচি, ৯ অক্টোবর: রানের পাহাড় গড়েও বোলারদের ব্যর্থতায় হারের মুখ দেখতে হল ভারতকে। শুক্রবার মহেন্দ্র সিং ধোনির শহরে শ্রেয়স বাহিনীকে ৬ উইকেটে পরাজিত করল ওয়েস্ট ইন্ডিজ। ৪৫ বলে অপরাজিত ১০২ রানের ঝোড়ো ইনিংস উপহার দিলেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। ম্যাচের সেরা তিনি।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটের উপর ভালো হয় ভারতের। টানা চার ইনিংসে ব্যর্থতার পর সঞ্জুর ব্যাটে এল ৪১ বলে ধুন্ধুমার ৮২। এছাড়া তিলক ভার্মা (অপরাজিত ৪৪), ঈশান কিষান (৪৩) ও ক্যাপ্টেন শ্রেয়স আয়ারের (৪০) সৌজন্যে ভারতের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৪৯ রান।
২৫০ রানের টার্গেট তাড়া করে জেতার লক্ষ্যে নামা ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ওভারেই জোড়া ধাক্কা দেন মায়াঙ্ক। ফেরান কামিল পুরান ও শিমরন হেটমায়ারকে। ষষ্ঠ ওভারে রভম্যান পাওয়েলের স্টাম্পও ছিটকে দেন তিনি। তখন ৫.১ ওভারে তাদের স্কোর ৫৮। এই পরিস্থিতিতে দলের হাল ধরেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ ও শেরফানে রাদারফোর্ড। ৮৪ রানে রাদারফোর্ড আউট হওয়ার পরে শেপার্ডের সঙ্গে গাঁটছড়া বেধে দলকে জয়ী করেন হোপ।



