নয়াদিল্লি: দেশজুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে জাতীয় মহাকাশ দিবস। এরইমাঝে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দাবি করা হয়েছে, রকেট উৎক্ষেপণে গোটা বিশ্বে ভারতেই সবচেয়ে বেশি টাকা খরচ হয়। প্রায় ১৩ হাজার ৩০২ ডলার অর্থাৎ ১২ লক্ষ ৭৩ হাজার টাকা। সবচেয়ে কম খরচ হয় আমেরিকার। ট্রাম্পের দেশের থেকে প্রায় চার গুণ বেশি টাকা খরচ করে মহাকাশে কোনো বস্তুকে পাঠায় ভারত। এই তথ্য সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
কেমব্রিজের অর্থনীতিবিদ অ্যালেসিও তেরজি ও ইতালির প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্রান্সেস্কো নিকোলির নেতৃত্বাধীন এই গবেষণাপত্রে ১৯৬০-২০২৫ সাল পর্যন্ত বিশ্বের ৬,৭৪০টি রকেট উৎক্ষেপণের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। সেই অনুযায়ী মহাকাশে পৃথিবীর নিকটবর্তী কক্ষপথে এক কিলোগ্রাম ওজনের বস্তু পাঠাতে ১৩ হাজার ৩০২ ডলার খরচ করে ভারত। যা বিশ্বে সর্বাধিক। একই কাজে আমেরিকার ব্যয় হয় মাত্র ৩ হাজার ২২৫ ডলার। একইভাবে জাপানের ৫ হাজার ২৮৭ ডলার, চীনের ৫ হাজার ৮০৯ ডলার, রাশিয়ার ৬ হাজার ৬৮২ ডলার, ইউরোপের ৯ হাজার ৮৯৭ ডলার খরচ পড়ে।
বিশেষজ্ঞদের একাংশের কথায়, এতদিন স্বল্প ব্যয়ের মহাকাশ কর্মসূচির প্রচার করেছে মোদি সরকার ও ইসরো। কিন্তু এই তথ্য সেই দাবির পরিপন্থী। গবেষকদের বক্তব্য, ব্যয়ের কারণ ভারতের রকেটগুলির আকার। রকেটগুলিতে সাধারণত কম ওজনের পেলোড ব্যবহার করা হয়। এক্ষেত্রে কম ওজনের বস্তুর উপর পৃথকভাবে অনেকটা বেশি খরচ হয়। যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছে ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান ভি নারায়ণন বলেন, ‘কেমব্রিজের গবেষণায় ভুল তথ্য ব্যবহার করা হয়েছে।’