তিরুবনন্তপুরম: ওডিআই বিশ্বকাপের ঠিক আর এক বছর বাকি। এই সময়ের মধ্যে পঞ্চাশ ওভারের ফরম্যাটে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ নেই ভারতের। কাপযুদ্ধের আগে দক্ষিণ আফ্রিকায় সিরিজের আয়োজন করা গেলেও মোট ম্যাচের সংখ্যাটা ২০-র বেশি বাড়বে না। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার কাছে প্রতিটি একদিনের ম্যাচই গুরুত্বপূর্ণ। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হতে চলা তিন ম্যাচের ওডিআই সিরিজ তাই শুভমান গিল ব্রিগেডের কাছে তাৎপর্যপূর্ণ।
রোহিত শর্মা, বিরাট কোহলির উপস্থিতি অবশ্য এমনিতেও প্রত্যেক ম্যাচকে বাড়তি গুরুত্ব দেয়। ‘রো-কো’ জুটিকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা যথারীতি আকাশছোঁয়া। নেটে দুই মহারথীকেই চনমনে দেখিয়েছি। শরীরী ভাষায় স্পষ্ট রানের খিদে। ভারতের শেষ একদিনের ম্যাচে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন রোহিত। সেই ফর্মেই শুরু করতে চাইবেন হিটম্যান। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যাবতীয় প্রশ্নচিহ্নকে গ্যালারিতে পাঠানোই তাঁর তাগিদ। তুলনায় কোহলির অবস্থান বেশি জোরালো। শচীন তেন্ডুলকরের পর একদিনের আন্তর্জাতিকে ১৫হাজার রানের গণ্ডি টপকাতে ভিকে’র চাই আর মাত্র ৫১। তবে রেকর্ড নয়, বিশ্বকাপই ‘কিং’ কোহলির পাখির চোখ। সেটা জানিয়েওছেন সোজাসুজি।
ভারত যদিও পূর্ণশক্তির দল খেলাতে পারছে না। জাপানে এশিয়ান গেমসের দলে রয়েছেন শ্রেয়স আয়ার, ঈশান কিষান, যশপ্রীত বুমরাহরা। চোট সারিয়ে হার্দিক পান্ডিয়া আবার পুরোপুরি সেরে ওঠেননি। হর্ষিত রানাও ফিট নন। তা সত্ত্বেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। বরং ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এই সিরিজ অনেকের কাছেই হয়ে উঠছে নিজেকে চেনানোর মঞ্চ। এই তালিকায় শুরুতেই থাকবেন নীতীশ কুমার রেড্ডি। ডানহাতি অলরাউন্ডারকে ভাবা হচ্ছে হার্দিকের বিকল্প হিসাবে। তবে তারজন্য অনেক পথ যাওয়া বাকি ২৩ বছর বয়সির। যে ৬টা একদিনের ম্যাচ নীতীশ খেলেছেন, তার একটিতেও পুরো দশ ওভারের কোটা বল করেননি। এই সিরিজে অবশ্য তাঁকে বল হাতে বেশি ওভার দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে বোলিং কোচ মর্নি মর্কেল তেমনই ইঙ্গিত দিয়েছেন। পেসার গুরনুর ব্রারও চাইবেন নিজেকে প্রমাণ করতে। তবে তাঁর সাতের কাছাকাছি ইকনমি রেট উদ্বেগজনক।
গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরুতে রোহিতের সঙ্গী হবেন ক্যাপ্টেন গিল। তিনে কোহলি। চারে শ্রেয়সের অনুপস্থিতিতে নামবেন ঋতুরাজ গায়কোয়াড়। এরপর লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, নীতীশরা। এগারোয় থাকবেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদবরাও। তবে কোচ গৌতম গম্ভীর দেখে নিতে পারেন নমন ধীর, আকিব নবিকেও। ঘরের মাঠে পরপর নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে ওডিআই সিরিজে পরাজিত শাই হোপদের বিরুদ্ধে পরীক্ষার এমন সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করবেন না তিনি।
খেলা শুরু দুপুর ২টোয়। সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।