চেস্টার লে স্ট্রিট: ১৬টি সিরিজে অপরাজিত। টানা ১২টি জয়। টি-২০ ফরম্যাটে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটতে ছুটতে আচমকাই মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া। আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের লজ্জা সঙ্গী হয়েছে নবনিযুক্ত অধিনায়ক শ্রেয়স আয়ারের। ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে কোচ গৌতম গম্ভীর। এই আবহে বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে নামছে টিম ইন্ডিয়া।
আয়ারল্যান্ডের কাছে হারের ময়নাতদন্ত এখনও চলছে। ব্যাটিং ব্যর্থতাই যে ভরাডুবির অন্যতম কারণ, তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ওপেনার সঞ্জু স্যামসন একেবারেই ছন্দে নেই। দুটো ম্যাচেই তিনি হতাশ করেছেন। আর এক টপ অর্ডার ব্যাটার ঈশান কিষানও ফর্ম হাতড়াচ্ছেন। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বৈভব সূর্যবংশীকে খেলানোর দাবি যুক্তিসঙ্গত। তিনিও সুযোগের অপেক্ষায়। কিন্তু সহকারী কোচ রায়ান ডয়েশকাটের কথায়, ‘সঠিক সময়েই বৈভবের অভিষেক হবে। তবে যে ব্যাটাররা রান পাচ্ছে না, তাদের হুট করে বসিয়ে দিলে মানসিক চাপ বাড়বে।’ তাই বৈভেবের অভিষেকের অপেক্ষা দীর্ঘায়িত হওয়ারই আশঙ্কা।
ভারতের ব্যাটিং কাগজ-কলমে খুবই শক্তিশালী। অভিষেক শর্মা, শ্রেয়স আয়ার, তিলক ভার্মা বড় ভরসা। মিডল অর্ডারে শিবম দুবে, অক্ষর প্যাটেলের মতো অলরাউন্ডারের থাকাটা খুবই ইতিবাচক। পেস আক্রমণে হর্ষিক রানা, অর্শদীপ সিং খেলতে পারেন। স্কোয়াডে যোগ দিয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী। কন্ডিশনের উপর তাঁর খেলা নির্ভর করছে। অতিরিক্ত পেসার প্রয়োজন পড়লে সুযোগ পাবেন প্রিন্স যাদব।
এদিকে, ইংল্যান্ডের টি-২০ দলটিও বেশ শক্তিশালী। ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, টম ব্যান্টনের মতো ব্যাটার আছেন স্কোয়াডে। উইল জ্যাকস, স্যাম কারান, লিয়াম ডাউসন, আদিল রশিদও খেলতে পারেন।
খেলা শুরু রাত ১০টায়।
সোনি স্পোর্টসে সরাসরি সম্প্রচার।