দুবাই: মহিলাদের এশিয়া কাপে শনিবার পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিল ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ফতিমা সানা ব্রিগেড মাত্র ৫৫ রানে গুটিয়ে যায়। যা মহিলাদের টি-২০ ক্রিকেটে সবুজ জার্সিধারীদের সর্বনিম্ন স্কোর। ভারতীয় স্পিনারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং। জবাবে ৮.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছায় টিম ইন্ডিয়া (৫৭-৩)। গ্রুপের তিনটি ম্যাচই জিতে সেমি-ফাইনালের আগে আত্মবিশ্বাস তুঙ্গে হরমনপ্রীত কাউরদের।
পাকিস্তানের প্রথম উইকেটে পড়ে ২৭ রানে। তারপরই নামে ধস। দশম ওভারে ৩৫ রানে ছয় উইকেট খুইয়ে ধুঁকতে থাকে ইনিংস। বাঁ-হাতি স্পিনার শ্রী চরণিই (৩-৭) ভাঙন ধরান। লেগস্পিনার প্রেমা রাওয়াতও (৩-৯) ভেলকি দেখালেন। সফল অফস্পিনার দীপ্তি শর্মা (২-৫) ও শেফালি ভার্মা (১-১০)। শেষ পর্যন্ত কোনোরকমে পঞ্চাশের গণ্ডি টপকায় পাকিস্তান। তাদের ৯জন ব্যাটারই দশের এপারে থামেন।
৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান শেফালি (১২)। মহিলা টি-২০’তে কনিষ্ঠতম হিসাবে তিন হাজার রানের নজির গড়লেন তিনি। তবে ২৯ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। প্রতীকা রাওয়াল (৪) ফের ব্যর্থ। স্মৃতি মান্ধানাও (৯) বেশিক্ষণ ক্রিজে থাকেননি। ক্যাপ্টেন হরমনপ্রীত (১৮) ও দীপ্তি (১২) অবশ্য অসমাপ্ত চতুর্থ উইকেটে জিতিয়ে মাঠ ছাড়েন। এশিয়া কাপে আগের সাত সাক্ষাতের ছ’বারই জয়ী ভারত। এদিনের পর সেটাই দাঁড়াল আটে সাত!
এদিনই মহিলাদের ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসাবে দেড়শোতম আন্তর্জাতিক ম্যাচ খেলে রেকর্ড গড়লেন হরমনপ্রীত। ছক্কা হাঁকিয়ে উইনিং স্ট্রোক তাঁরই। তবে টসের সময় দুই ক্যাপ্টেনের হাত মেলানোর ছবি দেখা যায়নি। এই পরাজয়ের পর ফতিমাদের উপর চাপ নিঃসন্দেহে বাড়ছে।