Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়ান গেমসে ইতিহাস, ম্যারাথনে ৪৪ বছর পর পদক জয় ভারতের

এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথনে ইতিহাস গড়ল ভারত। শনিবার নোগোয়ায় দুর্দান্ত পারফরম্যান্স করে রুপোর পদক জিতলেন ভারতের সাওয়ান বারওয়াল।

এশিয়ান গেমসে ইতিহাস, ম্যারাথনে ৪৪ বছর পর পদক জয় ভারতের
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫২
Prefer us on Google

নাগোয়া, ২৬ সেপ্টম্বর: এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথনে ইতিহাস গড়ল ভারত। শনিবার নোগোয়ায় দুর্দান্ত পারফরম্যান্স করে রুপোর পদক জিতলেন ভারতের সাওয়ান বারওয়াল। ২ ঘণ্টা ১১ মিনিট ৩৭ সেকেন্ডে দৌড় শেষ করে ব্যক্তিগত সেরা সময় গড়েছেন তিনি। একইসঙ্গে ৪৪ বছর পর এশিয়ান গেমসের ম্যারাথনে ভারতের পদক জয়ের খরা কাটল।

Advertisement

শেষবার ১৯৮২ সালে দিল্লি এশিয়ান গেমসে ম্যারাথনে পদক পেয়েছিল ভারত। দীর্ঘ অপেক্ষার পর আজ সেই সাফল্যের পুনরাবৃত্তি করলেন বারওয়াল। এদিন শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন ভারতীয় অ্যাথলিট। একটা সময় প্রতিযোগিতায় শীর্ষস্থানও দখল করেছিলেন তিনি। হাফওয়ে মার্কে ১ ঘণ্টা ৫ মিনিট ৫৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন বারওয়াল। শেষ পর্যন্ত জাপানের ইচিতাকা ইয়ামাশিতার কাছে ৪৮ সেকেন্ড পিছিয়ে থেকে রুপো নিশ্চিত করেন তিনি। ইয়ামাশিতা ২ ঘণ্টা ১০ মিনিট ৪৯ সেকেন্ডে সোনা জেতেন। চিনের ফেং পেইইউ ২ ঘণ্টা ১২ মিনিট ১৩ সেকেন্ডে ব্রোঞ্জ পান। 

বারওয়াল জানান, তাঁর লক্ষ্য ছিল ৩৯-৪০ কিলোমিটার পর্যন্ত প্রথম সারির দৌড়বিদদের সঙ্গে থাকা। সেই পরিকল্পনা অনুযায়ী শেষ পর্যন্ত সামনের গ্রুপেই ছিলেন তিনি। শেষের ১-২ কিলোমিটারে নিজের সেরাটা দেওয়ার লক্ষ্য ছিল তাঁর। প্রায় ৩৭ কিলোমিটার পর্যন্ত তিনজনই পাশাপাশি ছিলেন। এরপর তৃতীয় স্থানে থাকা দৌড়বিদ কিছুটা পিছিয়ে পড়েন। এরপরও গতি ধরে রাখার চেষ্টা করেন বারওয়াল। সামনে থাকা জাপানি প্রতিযোগীরা তুলনামূলক দ্রুত ছন্দে দৌড়চ্ছিলেন। তবে নিজের স্বচ্ছন্দ গতির সঙ্গে তাল মিলিয়েই শেষ পর্যন্ত এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

চলতি বছরের এপ্রিলেই শিবনাথ সিংয়ের ৪৮ বছরের পুরনো জাতীয় রেকর্ড ভেঙে চমক দিয়েছিলেন বারওয়াল। রটারড্যাম এনএন ম্যারাথনে সেই নজির গড়ার পর এবার এশিয়ান গেমসের মঞ্চেও নিজের সাফল্যের নতুন অধ্যায় লিখলেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ