রিয়াধ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা মৃত ১ ভারতীয় সহ ১২ জন
  • ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সৌদি আরবের রিয়াধ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হল এক ভারতীয় সহ ১২ জনের। জখম শতাধিক। তাঁদের মধ্যে ১১ জন ভারতীয়। হায়দরাবাদের সাংসদ জানিয়েছেন, মৃত ভারতীয়ের নাম মহম্মদ ইউসুফ আলি। হামলায় জখম হয়েছেন তাঁর স্ত্রী ও দুই সন্তান। ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। হামলার তীব্র নিন্দা করেছে ভারত। রবিবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘গত কয়েকদিন ধরে রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর আক্রমণের মুখে পড়ছে। গত ১০ অক্টোবর এমনই একটি কাপুরুষোচিত হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে। জখম অনেকে। নষ্ট হয়েছে সম্পত্তি। এই ঘটনার তীব্র নিন্দা করছি। সাধারণ মানুষ ও সরকারি পরিকাঠামোর উপর এই আক্রমণ কিছুতেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এসব বন্ধ হওয়া উচিত। আমরা সৌদি আরবের মানুষ ও সরকারের পাশে রয়েছি। আশা করি ওই অঞ্চলে খুব শীঘ্রই শান্তি ফিরবে।’ শনিবার রিয়াধ বিমানবন্দরে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। এনিয়ে এক সপ্তাহে তিনবার হামলার মুখে পড়ল সৌদির রাজধানীর বিমানবন্দর। তবে শনিবারের হামলাই ছিল সবথেকে বড়ো ও ভয়াবহ। এখনও কোনো পক্ষই দায় স্বীকার করেনি। 

Advertisement