নয়াদিল্লি: সংযুক্ত আরব আমিরশাহির পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার কড়া নিন্দা করল ভারত। রবিবার আবু ধাবির আল ধাফরা অঞ্চলে বারাকাহ পরমাণুকেন্দ্র লক্ষ্য করে তিনটি ড্রোন উড়ে আসে। এর মধ্যে দুটিকে আকাশে ধ্বংস করে দেওয়া সম্ভব হয়। কিন্তু তৃতীয়টি পরমাণুকেন্দ্র এলাকায় আছড়ে পড়ে। তাতে একটি জেনারেটর রুমে আগুন ধরে যায়। যদিও বড়ো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে আমিরশাহির পরমাণুকেন্দ্রে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, এমন কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর ফলে পশ্চিম এশিয়ায় সংঘাতের মাত্রা ফের বাড়তে পারে। সব পক্ষকে অবিলম্বে সংযমী হতে এবং আলোচনা ও কূটনীতির পথে ফিরে আসার আহ্বান জানানো হচ্ছে।



