পাকিস্তানের পর এবার চীন, বড় পদক্ষেপ নিল ভারত
  • ১৪ মে, ২০২৫ ২০:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর-এ বড় সাফল্য পেয়েছে ভারত। আন্তর্জাতিক মঞ্চেও ইসলামাবাদকে কোণঠাসা করার প্রক্রিয়া চলছে। এমন পরিস্থিতিতে এবার চীনকে যোগ্য জবাব ভারতের। দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে কেন্দ্র যে বদ্ধপরিকর তা আরও একবার স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিল কেন্দ্র। 

Advertisement

পাকিস্তানের পর এবার চীনের বিরুদ্ধে পদক্ষেপ নিল সরকার। দেশে ব্লক করা হল, ড্রাগনের মুখপত্র গ্লোবাল টাইমস-এর এক্স হ্যান্ডেল। ভারতের বিরুদ্ধে ভুয়ো খবর প্রচারের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য বিষয় হল, গ্লোবাল টাইমস চীনের মুখপত্র। সেটি জিনপিংয়ের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যেতেই কাজ করে বলে অভিযোগ। ভারতের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়াতেই সেটির এক্স হ্যান্ডেলকে ব্লক করল সরকার। 

তবে চীনা মুখপত্রটিকে ব্লক করার আগে অরুণাচল প্রদেশ নিয়ে চীনকে কড়া জবাব দিয়েছে ভারত। চীনের তরফে ফের একবার অরুণাচল প্রদেশের একাধিক জায়গার নাম বদল করার প্রবণতা লক্ষ্য করা যায়। বিষয়টি লক্ষ্য করে, বুধবার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ। নাম পরিবর্তন করলেই এই সত্যিটা পরিবর্তিত হয়ে যাবে না।