


ভারত- ২ : হংকং- ১
(রায়ান, আকাশ) (এভার্টন)
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ড্র, হারের একঘেয়ে চিত্রনাট্য থেকে অবশেষে মুক্তি। কোচিতে হংকংকে ২-১ গোলে হারিয়ে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের অভিযান শেষ করল খালিদ ব্রিগেড। শেষ ম্যাচে দেখা মিলল প্রথম জয়ও। রায়ান উইলিয়ামস ছাড়াও স্কোরশিটে নাম তোলেন আকাশ মিশ্র। হংকংয়ের হয়ে ব্যবধান কমান এভার্টন।
আল্ট্রা-ডিফেন্সিভ ফর্মেশন খালিদের প্রিয়। প্রতিপক্ষকে আমন্ত্রণ জানিয়ে প্রতি-আক্রমণে টেক্কা দিতে চান তিনি। কিন্তু সেই স্ট্র্যাটেজি দানা বাঁধছিল না কিছুতেই। সেটা বুঝেই এদিন পরিচিত ৪-৪-২ তে দল সাজান মুম্বইকর কোচ। সিঁড়িভাঙা অংকের মতো কখনো তা বদলে গেল ৪-২-৩-১ ফর্মেশনে। চার ডিফেন্ডারের উপর ডাবল পিভট হিসাবে আপুইয়া ও আনোয়ারকে খেলান খালিদ। দুই উইং হাফ ছাংতে ও লিস্টন। স্ট্রাইকারে মনবীরের সঙ্গী রায়ান উইলিয়ামস। ঝোড়ো আক্রমণে শুরুতেই হংকং দুর্গ টলিয়ে দিতে চাওয়ার ভাবনা পুরোপুরি সফল। তৃতীয় মিনিটে কাঙ্ক্ষিত লিড পেয়ে যায় ভারত। এক্ষেত্রে ছাংতের পাস ধরে তরতরিয়ে উঠে নিখুঁত মাইনাস রাখেন মনবীর। আগুয়ান রায়ান জাল কাঁপাতে ভুল করেননি (১-০)। অভিষেকেই স্কোরশিটে নাম তুললেন ভারতীয় বংশোদ্ভূত এই ফুটবলার। বল হোল্ড করতে পারেন রায়ান। তাঁর সঙ্গে মনবীরের জুটি জমে গেলে সাময়িক চিন্তা কমবে। ২২ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন ছাংতে। তাঁর দুর্বল শট প্রতিপক্ষ গোলকিপারের হাতে জমা পড়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল। এক্ষেত্রে রাহুল ভেকের লম্বা থ্রো ক্লিয়ার করতে ব্যর্থ হংকং রক্ষণ। শরীর ছুড়ে ডান পায়ের সাইড ভলিতে জাল কাঁপান আকাশ মিশ্র (২-০)। ৬৫ মিনিটে ছোট্ট টোকায় গুরপ্রীততে হার মানান এভার্টন (২-১)। তবে জিতলেও চোট পেলেন উইলিয়ামস ও আনোয়ার। কোচির প্রবল আর্দ্রতায় সমস্যা ছিলই। দ্বিতীয়ার্ধে কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়েন আনোয়ার। ফলে প্রবল চিন্তায় ইস্ট বেঙ্গল। কলকাতায় ফিরলে বোঝা যাবে, তাঁর চোট কতটা গুরুতর। এদিকে, ত্রিদেশীয় টুর্নামেন্টে তাজিকিস্তানের কাছে ০-১ গোলে হারল নৌশাদ মুসা প্রশিক্ষাধীন অনূধ্ব-২৩ ভারতীয় দল।
ভারত: গুরপ্রীত, অভিষেক, সন্দেশ, ভেকে, আকাশ (রোশান), আনোয়ার (জিকসন), আপুইয়া, লিস্টন, ছাংতে (বিজয়), মনবীর ও রায়ান (আশিক)।