Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

৩১ মার্চ কোচিতে খালিদ ব্রিগেডের প্রতিপক্ষ হংকং, রায়ান উইলিয়ামসকে রেখেই ২৩ জনের দল ঘোষণা করল ভারত

সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার অর্থাৎ ৩১ মার্চ ভারতের জার্সিতে অভিষেক হতে চলেছে রায়ান উইলিয়ামসের

৩১ মার্চ কোচিতে খালিদ ব্রিগেডের প্রতিপক্ষ হংকং, রায়ান উইলিয়ামসকে রেখেই ২৩ জনের দল ঘোষণা করল ভারত
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার অর্থাৎ ৩১ মার্চ ভারতের জার্সিতে অভিষেক হতে চলেছে রায়ান উইলিয়ামসের। সেক্ষেত্রে ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় ফুটবলার হিসেবে ব্লু টাইগার্সের জার্সি গায়ে চাপাবেন তিনি।। এর আগে ২০০৩ সালে জাপানের নাগরিকত্ব ছেড়ে ভারতের জার্সি পরেন আরাতা ইজুমি। গত বছর বাংলাদেশের বিরুদ্ধেই অভিষেক হতে পারত রায়ানের। কিন্তু প্রয়োজনীয় ছাড়পত্র এসে না পৌঁছানোয় তাঁর মাঠে নামা হয়নি। বর্তমানে ক্লাব ফুটবলে বেঙ্গালুরুর হয়ে খেলছেন তিনি।

Advertisement

হংকং ম্যাচের জন্য মঙ্গলবারই ২৩ দলের দল বেছে নেন ভারতীয় কোচ খালিদ জামিল। এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে আগেই ছিটকে গিয়েছে ভারত। ফলে এই ম্যাচ নিছকই নিয়মরক্ষার। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে এখন থেকেই দল গঠনের উপর জোর দিচ্ছেন খালিদ। অবসর ভেঙে মাঠে ফেরা সুনীলকে বাদ দিয়ে এবার তরুণ ফুটবলারদের উপর আস্থা রেখেছেন তিনি। প্রথমবারের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন পাঞ্জাব এফসি’র হয়ে নজর কাড়া বিজয় ভার্গেস। মোহন বাগান থেকে জাতীয় দলে সুযোগ পেয়েছেন ছয় ফুটবলার। আর ইস্ট বেঙ্গলের তিনজন। মঙ্গলবারই কোচিতে আবাসিক শিবিরে যোগ দেন ২০জন। সোমবার ম্যাচ খেলায় দেরিতে দলের সঙ্গে যোগ দেবেন আনোয়ার আলি, জিকসন সিং ও এডমুন্ড লালরিনডিকা। খালিদ বলেন, ‘আমাদের সামনের দিকে তাকাতে হবে। বর্তমানে অনেক তরুণ ফুটবলার উঠে আসছে। ইতিমধ্যেই অনূর্ধ্ব-২০ ও ২৩ দলের বেশ কয়েকজন ফুটবলার জাতীয় দলের কড়া নাড়ছে। তবে স্যাফ কাপ ও ত্রিদেশীয় প্রতিযোগিতার খেলা থাকায় সংশ্লিষ্ট খেলোয়াড়দের ছেড়ে দেওয়া হয়েছে। আগামী দিনে তাদের সুযোগ দেওয়া হবে।’

সম্পর্কিত সংবাদ