নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাধীনতা দিবস পালনের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশিকা পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ১০ আগস্টের ওই নির্দেশিকায় বলা হয়েছে, ‘শুধু চলচ্চিত্রের গান নয়, বাজাতে হবে দেশাত্মবোধক গান।’ সকালে ৯টার পর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ পতাকা উত্তোলন হবে সকাল ন’টার পর।
রাজ্যস্তরের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর মুখ্যমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করবেন। জেলাস্তরে মন্ত্রী, কমিশনার বা জেলাশাসক জাতীয় পতাকা উত্তোলন করবেন। পঞ্চায়েত স্তরে প্রধান জাতীয় পতাকা উত্তোলন করবেন। স্বাধীনতা দিবসকে কেন্দ্র দুই সপ্তাহ থেকে এক মাসব্যাপী স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করতে বলা হয়েছে। হবে বৃক্ষরোপণ কর্মসূচিও। জানা গিয়েছে, এবছর পশ্চিমবঙ্গের লোকভবনে প্রায় চার হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। অন্যদিকে, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন হলেন শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ।