নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাঙ্কশাল আদালতে আইনজীবী নিগ্রহ কাণ্ডে ২৪ ঘণ্টার পরেও সব অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় লাগাতার কর্মবিরতি চলবে বলে শুক্রবার ফের জানিয়ে দিল আইনজীবী সংগঠন। বৃহস্পতিবার অভিযুক্ত এক ইউটিউবারকে ব্যাঙ্কশালে হাজির করা হয়। তাঁকে লক্ষ্য করে বহিরাগত কিছু বিক্ষোভকারী ডিম ছুড়ে মারেন। তা নিয়ে আইনজীবীরা প্রতিবাদ জানালে বিক্ষোকারীরা তাঁদের উপর চড়াও হয়ে হামলা চালায় বলে অভিযোগ। তাতে কয়েকজন আইনজীবী আক্রান্ত হন। এই ঘটনায় এজরা স্ট্রিটের বাসিন্দা রামন কুমার নামে এক বিক্ষোভকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এদিন কড়া পুলিশি প্রহরায় ধৃতকে ব্যাঙ্কশালে হাজির করা হয়। বিচারক বিশাখা চৌধুরী তাঁকে ৯ অক্টোবর পর্যন্ত পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ দু’টি ধারা যুক্ত করার আবেদন জানানো হয় আইনজীবী সংগঠনের তরফে। তা নিয়ে শুনানির দিন ধার্য হয়। বিচারক আজ, শনিবার হেয়ার স্ট্রিট থানার ওসিকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এদিন ধৃতের তরফে কোনো আইনজীবী সওয়ালে অংশ নেননি। মামলার অভিযোগের বিষয়ে প্রশ্ন করেন বিচারক অভিযুক্ত যুবককে। যদিও সে সব অভিযোগই অস্বীকার করেন। সওয়াল শুরু হলে এই আদালতের বিভিন্ন আইনজীবী সংগঠনের কর্তারা হাজির ছিলেন। আইনজীবী সংগঠনের কর্তা রাজা সেনগুপ্ত বলেন, ‘যে ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা করছি।’
এদিন অপ্রীতিকর ঘটনা রুখতে ব্যাঙ্কশাল আদালত চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়। পুলিশ কোর্ট চত্বরের বাইরে গার্ডরেল দিয়ে ঘিরে দেয়। শুনানির পর কড়া পুলিশি প্রহরায় অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়।