Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণ, বিষ্ণুপুরে অভিযুক্ত খোদ বুথ সভাপতি

সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের কালীচরণ গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির এক মহিলা কর্মীর সঙ্গে অভব্য এবং অশালীন আচরণের অভিযোগ উঠেছে।

বিজেপির মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণ, বিষ্ণুপুরে অভিযুক্ত খোদ বুথ সভাপতি
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের কালীচরণ গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির এক মহিলা কর্মীর সঙ্গে অভব্য এবং অশালীন আচরণের অভিযোগ উঠেছে। নিজের দলের বুথ সভাপতিই এই কাণ্ড ঘটিয়েছেন বলে তাঁর অভিযোগ। নিজের বাড়ির সামনে তাঁকে নিগ্রহ করা হয়েছে বলে বিষ্ণুপুর থানায় অভিযোগ করেছেন তরুলতা মৈত্র মণ্ডল নামে ওই মহিলা। পুলিসের কাছে লিখিত অভিযোগে তিনি বলেছেন, বুথ সভাপতি সস্ত্রীক তাঁর উপর চড়াও হয়ে মারধর করেছেন, অশ্লীল গালিগালাজও দিয়েছেন। পুরো ঘটনাটি মণ্ডল সভাপতি সুব্রত মণ্ডলের সামনেই ঘটেছে। তরুলতাদেবীর দাবি, তিনি এই অঞ্চলের পুরনো পদ্ম সমর্থক। যখন এখানে কেউ বিজেপি করতে ভয় পেতেন, তখন তাঁর পরিবার বিজেপি করত। দেবর এক সময় বুথ সভাপতি ছিলেন। ছেলে এজেন্ট হত। কিন্তু এবার বিধানসভা ভোটের আগে তাঁদের বাদ দিয়ে এখানে নতুনদের নিয়ে কাজ করা হয়েছে। এনিয়ে তাঁর স্বামী বাড়ির সামনে বুথ সভাপতিকে ধরে প্রতিবাদ করেছিলেন। তার জেরেই এই অভব্য আচরণ ও হেনস্তা হতে হয়েছে। যদিও বিষয়টি একেবারে ভিত্তিহীন বলে দাবি করেন বিজেপি নেতা সুব্রত মণ্ডল। তিনি বলেন, আমাদের দলের কেউ ওই মহিলা ও তাঁর পরিবারের সঙ্গে অভব্য আচরণ করিনি। বরং উনিই আমাদের গালিগালাজ করেছেন। সেই ঘটনার সাক্ষী এলাকার মানুষ। আমাদের বুথ সভাপতি একজন শিক্ষক এবং সজ্জন ব্যক্তি। তাঁকে ধরেই গালিগালাজ করেছেন মহিলার স্বামী। আসলে তরুলতা মৈত্র ও তাঁর পরিবার এক সময়ে বিজেপি করলেও গত দু’বছর ধরে দলের কোনো কর্মসূচিতে ডাকলে আসছিলেন না। তাই আর ডাকা হত না। আসলে উনি আমাদের জনসমক্ষে হেয় করার জন্য যড়যন্ত্র করেছেন। বিষয়টি জেলা সভাপতি সোমা ঘোষকে জানিয়ে রেখেছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ