Bartaman Logo
২৯ মে, ২০২৬
বর্তমান / হেলথ

পিজিতে বেডবৃদ্ধি, ৩০ মে নতুন ১০০ শয্যার উদ্বোধন মুখ্যমন্ত্রীর, রোগী হয়রানি কমাতে সিদ্ধান্ত

দিনে ১২ থেকে ১৫ হাজার রোগী আসছেন শুধু আউটডোরেই। পাহাড়প্রমাণ চাপ। আকাশচুম্বী প্রত্যাশা। যাকে ঘিরে এই প্রত্যাশার পাহাড়, তার নাম পিজি হাসপাতাল।

পিজিতে বেডবৃদ্ধি, ৩০ মে নতুন ১০০ শয্যার উদ্বোধন মুখ্যমন্ত্রীর, রোগী হয়রানি কমাতে সিদ্ধান্ত
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিনে ১২ থেকে ১৫ হাজার রোগী আসছেন শুধু আউটডোরেই। পাহাড়প্রমাণ চাপ। আকাশচুম্বী প্রত্যাশা। যাকে ঘিরে এই প্রত্যাশার পাহাড়, তার নাম পিজি হাসপাতাল। যিনি যেখানেই থাকুন, সাগর কিংবা পাহাড়ে, ছোটোখাটো সমস্যা বা জটিল অসুখ, নিখরচায় প্রথম সারির চিকিৎসার জন্য গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্তের পরম ভরসার জায়গা পিজি। কিন্তু একটাই কথা—বেড পেলে হয়! 

Advertisement

পিজি বা ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমঅ্যান্ডইআর) এখন নিজেই একটি ইনস্টিটিউট। বাঙ্গুর, ইনস্টিটিউট অব সাইকিয়াট্রি, শম্ভুনাথ পণ্ডিত, পুলিশ হাসপাতাল, রামরিক হরলালকা হাসপাতাল, খিদিরপুর মেটারনিটি হোম—পিজির সঙ্গে জুড়ে আছে এমন ছয়টি হাসপাতাল। সবসুদ্ধ ৩২০০ বেড। তাও সবসময় বেড নেই বেড নেই অবস্থা! ক্ষমতায় এসে তা উপলব্ধি করেছেন বিজেপি সরকার ও নতুন মুখ্যমন্ত্রী। তাই রোগীর ভোগান্তি কমাতে পিজি হাসপাতালে বেড বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৃদ্ধির পর পিজিতে বেড সংখ্যা বেড়ে হবে ৩,৩০০। শয্যাসংখ্যার বিচারে, দেশের প্রথম দশটি হাসপাতালের অন্যতম হবে এই ইনস্টিটিউট।  
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, পিজি এবং তার অ্যানেক্স হাসপাতালগুলি মিলিয়ে আপাতত আরো ১০০ বেড বাড়ানো হচ্ছে। ৩০ মে বিধাননগর মহকুমা হাসপাতালে সারভাইক্যাল ক্যানসারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে পিজির বেডবৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণাও করবেন তিনি। 
কোথায় কোথায় বাড়ছে এই বেড? স্বাস্থ্যদপ্তর এবং পিজি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রথমত বেড বাড়ছে প্লাস্টিক সার্জারি বিভাগে। উডবার্ন ওয়ার্ডের একতলায় এই ২৫টি বেড বাড়ছে। দ্বিতীয়ত বাড়ছে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের জেডি বিল্ডিংয়ে। বর্তমানে এখানে ৭৫টি বেড রয়েছে। ইমার্জেন্সিতে আসা রোগীদের স্থিতিশীল করার জন্য রয়েছে ইমারজেন্সি অবজারভেশন ওয়ার্ড (ইওডব্লু)। শম্ভুনাথের এই ইওডব্লু ওয়ার্ডের বেডসংখ্যা ৭৫ থেকে হচ্ছে ১২৫। এছাড়া পিজির অধীনে ভবানীপুরে কলকাতা পুলিশ হাসপাতালে বাড়ছে আরো ২৫টি বেড। শম্ভুনাথ পণ্ডিতের ইমারজেন্সি অবজারভেশনের রোগীদের কিছুটা সুস্থ করার পর এখানে পাঠানো হবে।
কিন্তু, প্রশ্ন হল—যে পরিমাণ রোগীর চাপ, তাতে এই ১০০টি বেড বাড়লেও, তা দিয়ে পরিস্থিতি কতদিন সামাল দেওয়া যাবে, প্রশ্ন রয়ে যাচ্ছে। অভিজ্ঞ স্বাস্থ্যকর্তারা বলছেন, শহরের বাদবাকি চারটি মেডিকেল কলেজেরও বেড এবং লোকবল বৃদ্ধি একত্রে করতে হবে। অনাবশ্যক পিজি-নির্ভরতা কাটিয়ে ওঠাও জরুরি।

সম্পর্কিত সংবাদ