


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট ধাক্কায় টালমাটাল ডার্বির ভাগ্য। সূচি অনুযায়ী, ৩ মে আইএসএলের বহু প্রতীক্ষিত ডার্বি। কিন্তু ৪ মে ভোটের ফল ঘোষণার তারিখ জানিয়েছে নির্বাচন কমিশন। তার ২৪ ঘণ্টা আগে ডার্বির মতো হাই-ভোল্টেজ ম্যাচ আয়োজনের জন্য প্রচুর নিরাপত্তা প্রয়োজন। কিন্তু ফল প্রকাশের আগে পর্যাপ্ত পুলিশ পাওয়া সত্যিই সমস্যার। এমন পরিস্থিতিতে মহারণের দিন বদলের প্রবল সম্ভাবনা। ফেডারেশনের কার্যকরী সচিব সত্যনারায়ণ জানালেন, ‘বিষয়টা সত্যিই চিন্তার। ডার্বির দিন বদল হতে পারে। সেক্ষেত্রে দ্রুত অন্য তারিখ বেছে নেওয়া ছাড়া উপায় নেই।’ ২৩ ও ২৯ এপ্রিল বঙ্গে নির্বাচন। ২৪ এপ্রিল যুবভারতীতে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। পাশাপাশি ২৮ এপ্রিল ওড়িশার বিরুদ্ধে ঘরের মাঠে নামবে মশাল বাহিনী। এর মাঝে ২৬ এপ্রিল সল্টলেক স্টেডিয়ামে লোবেরা ব্রিগেডের প্রতিপক্ষ ইন্টার কাশী। কিন্তু নির্বাচনী আবহে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে প্রশাসন? এপ্রসঙ্গে ফেডারেশন সচিব সত্যনারায়ণ বলেন, ‘ক্লাব জোট স্থানীয় প্রশাসনের সঙ্গে অলোচনা করে সিদ্ধান্ত জানাবে। তবে নিরাপত্তার অভাব দেখা দিলে ম্যাচের দিন পরিবর্তন ছাড়া উপায় নেই।’
এরইমধ্যে, শনিবারের ইস্ট বেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিং ম্যাচও অনিশ্চিত। ওইদিন ইদ ঘোষণা হলে ম্যাচ না’ও খেলতে পারে সাদা-কালো শিবির। অন্যতম কর্তা মহম্মদ কামারুদ্দিনের মন্তব্য, ‘ইদের দিন ম্যাচ খেলা মুশকিল।’ পাশাপাশি পুলিশি নিরাপত্তাও ফ্যাক্টর। মিনি ডার্বির টিকিট বিক্রি আপাতত স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা অব্যাহত। মঙ্গলবার বিকেলে অনুশীলনে নামবেন মিগুয়েলরা। স্প্যানিশ কোচের ভাগ্য সরু সুতোয় ঝুলছে। প্রবল চাপে ইস্ট বেঙ্গলের লগ্নিকারী সংস্থা। কোচ পরিবর্তনের জন্য ক্রমশ চাপ বাড়ছে তাদের উপর। অনেকেরই ধারণা, পত্রপাঠ অস্কারকে বিদায় করা হোক। অন্যথায় ভরাডুবি নিশ্চিত। তাঁর নতুন করে কিছু দেওয়ার নেই। ফুটবলারদের মোটিভেট করতে ব্যর্থ তিনি। অকারণে অন্যকে ছোট করার প্রবণতাও টিম স্পিরিটের ক্ষতি করছে। বদলে নতুন কোচকে দায়িত্ব দিলে ব্যর্থতার চাকা ঘুরবেই। প্রয়োজনে থংবই সিংটোকে কোচের হটসিটে দেখতে চান প্রাক্তনরা। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? টানা ব্যর্থতার পর চাকরি বহাল থাকলে ধরে নিতেই হবে অস্কার ম্যাজিক জানেন। এদিন আইএসএলে পাঞ্জাব বনাম গোয়া ম্যাচ ১-১ গোলে ড্র হয়। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠল গোয়া। ৫ নম্বরে ইস্ট বেঙ্গল।