Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

গম্ভীরদের নিয়ে মুম্বইয়ে আজ বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক

বৃহস্পতিবার বোর্ডের হাইপাওয়ার মিটিং। উপস্থিত থাকবেন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস, সচিব দেবজিৎ সাইকিয়া, টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর, ক্যাপ্টেন শুভমান গিল, নির্বাচক প্রধান অজিত আগরকর এবং ডিরেক্টর অব ক্রিকেট ভিভিএস লক্ষ্মণ।

গম্ভীরদের নিয়ে মুম্বইয়ে আজ বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বৃহস্পতিবার বোর্ডের হাইপাওয়ার মিটিং। উপস্থিত থাকবেন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস, সচিব দেবজিৎ সাইকিয়া, টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর, ক্যাপ্টেন শুভমান গিল, নির্বাচক প্রধান অজিত আগরকর এবং ডিরেক্টর অব ক্রিকেট ভিভিএস লক্ষ্মণ। গত কয়েক মাসে ভারতীয় দলের পারফরম্যান্স, উদ্ভূত সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে।

Advertisement

হঠাৎ করে বোর্ডের এই হাইপাওয়ার মিটিং ডাকা নিয়ে জল্পনা তুঙ্গে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতীয় দলের মধ্যে যে সবকিছু সুষ্ঠু এবং মসৃণভাবে চলছে না, সেটা বোর্ড কর্তারাও টের পাচ্ছেন। তার উপর ক্রিকেটারদের নিয়মিত চোট পাওয়া অন্যতম হট টপিক। এর সঙ্গে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মাটিতে দলের বিপর্যয় লজ্জা বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। জিম্বাবোয়ে সফরে সিরিজ জিতে সেই ক্ষতে কিছুটা প্রলেপ দিলেও বিলেতে ভারতীয় দলের লজ্জাজনক পারফরম্যান্সের ময়নাতদন্ত করতে চেয়েছিল বোর্ড। কোচ গৌতম গম্ভীরকে নিয়ে ক্রিকেট প্রশাসকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। কিন্তু বিশেষ কারণে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে দলের বিপর্যয় পর্যালোচনা বৈঠক পিছিয়ে গিয়েছিল। টি-২০ বিশ্বকাপের পর হঠাৎ করে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স গ্রাফ নীচের দিকে দ্রুত গতিতে নামতে থাকায় অনেকেই অশনিসংকেত দেখছেন। তার উপর সামনের বছর রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের যে ক্ষীণ আশা বেঁচে, তা নিয়েও কোচের সঙ্গে আলোচনা হতে পারে।
একই সঙ্গে রোহিত শর্মাকে আর কতদিন দলে রাখা হবে, তার একটা দিকনির্দেশ পেতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ড সিরিজের পর তাঁকে ছেঁটে ফেলার নীল নকশা প্রায় সাজিয়ে ফেলেছিলেন কোচ গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকর। তাতে জল ঢালেন বোর্ড সচিব সাইকিয়া। তার মধ্যেই রোহিতের শতরান হাঁকানো ছিল মুখের উপর জবাব। আসলে সিনিয়র ক্রিকেটারদের আচমকা দল থেকে ছেঁটে ফেলার প্রবণতা ভারতীয় ক্রিকেটে নতুন নয়। অতীতে অনেকের সঙ্গে আরও খারাপ আচরণ করা হয়েছে। রোহিত-কোহলির ক্ষেত্রে সেটা একেবারেই চাইছে না বিসিসিআই। এমনিতেই হিটম্যানের খুঁটির জোর বেশি। তাই বিশ্বকাপ পর্যন্ত হয়তো রো-কো জুটিকে না ঘাঁটিয়ে শান্তিতে খেলতে দেওয়ার বার্তা দিতে পারে বোর্ড। বিশ্বকাপের পরেই হয়তো রোহিতের অবসরের মঞ্চ তৈরির ব্যাপারটাও পাকা হতে পারে।  
বিগত কয়েক বছরে এই ধরনের পর্যালোচনা মিটিং দেখা যায়নি। তবে ঝাঁকুনি দরকার ছিল। তাতে ভারতীয় দল নতুন উদ্যমে দৌড় শুরু করে কিনা, সেটাই দেখার।

Advertisement
সম্পর্কিত সংবাদ