নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মণ্ডপে ঢোকা ও বেরনোর জন্য পর্যাপ্ত পথ খোলা রেখেই থিম রূপায়ণ করতে হবে। থিম অনুযায়ী দর্শকদের প্রবেশ- প্রস্থানের পথ ঠিক করা যাবে না। থানাগুলিকে এমনই নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। এই বার্তা সংশ্লিষ্ট থানা এলাকার দুর্গাপুজো কমিটিগুলির কাছে পৌঁছে দিতে বলেছেন তিনি। আজ, সোমবার মিলন মেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে হাজির থাকবেন পুলিশ, পুরসভা, দমকল, বিদ্যুৎ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তারা। দেড় হাজারের বেশি পুজো কমিটির প্রতিনিধি বৈঠকে উপস্থিত থাকতে পারেন। নয়া সরকারের আমলে পুজোর অনুদান, বিদ্যুৎ বিলে ছাড় ইত্যাদি কতটা মিলবে, সেদিকে নজর রয়েছে পুজো কমিটিগুলির। বৈঠকে অন্যতম গুরুত্ব পাবে ভিড় নিয়ন্ত্রণের ইস্যু। পুজোর সময় শহরকে যানজট থেকে মুক্ত রাখতে কমিটিগুলির সহযোগিতা চাইতে পারে লালবাজার। প্রসঙ্গত, থানা ও ট্রাফিক গার্ডের আধিকারিকদের নিয়ে ইতিমধ্যে একটি বৈঠক করেছেন সিপি। তাঁর নির্দেশ, কোন কোন পুজোর কর্মকর্তা ও কমিটি বদল হয়েছে, সেই খোঁজ নেবে স্থানীয় থানা। শুধু তাই নয়, সেই কমিটি নিয়ে অভ্যন্তরীণ কোনো অসন্তোষ রয়েছে কি না, তাও পুলিশের নজরে থাকবে।



